নারী সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। সাবিনা-সানজিদারা শিরোপা জেতার পর থেকে নানান সংস্থা বোনাস ঘোষণা করে তাদের হাতে বুঝিয়েও দিয়েছে। এখন শুধু বাকি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিজেই!
নতুন কমিটি প্রথম সভা করে সাবিনাদের জন্য দেড় কোটি টাকা বোনাস ঘোষণা করেছিল। যা সদস্যরা নিজেরা মিলে দেওয়ার কথা। তবে সেই ঘোষণার বেশ কিছু দিন পেরিয়ে গেলেও বিষয়টি ঝুলে আছে।
আজ বাফুফের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা শেষে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে বলেছেন, ' আপনারা জানেন যে, এই টাকাটা আমাদের ভেতর থেকেই দেওয়া হবে। এজন্য আমাদেরকে একটু তাগাদা দেওয়া হয়েছে, যেন অতি তাড়াতাড়ি দিয়ে দিতে পারি। সভাপতি আমাদের তাগাদা দিয়েছেন।'
প্রিমিয়ার লিগে এবার মাঠের অবস্থা তেমন সুবিধার নয়। মিডিয়া কমিটির চেয়ারম্যান ব্যাখ্যায় বলেছেন,'আমাদের গ্রাউন্ডস কমিটি সাত দিনের মধ্যে সম্পূর্ণ করা হবে। সব মিলিয়ে আরও চারটি কমিটি করা হবে। সাত দিনের মধ্যে আমাদের সঙ্গে বসবেন এবং যে সিদ্ধান্ত হবে, তা আপনাদের জানিয়ে দেওয়া হবে।'









