নারী ফুটবলাররা তাদের ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছেন। তার অধীনে কোনও অনুশীলনও করবেন না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং অবসরের হুমকিও এসেছে। সাফজয়ী মেয়েদের এমন কঠোর অবস্থানকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি লন্ডন থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাংলা ট্রিবিউনকে এই সংক্রান্ত কিছু প্রশ্নেরও উত্তর দিয়েছেন।
নারী ফুটবলাদের নিয়ে এমন পরিস্থিতি হলো কেন?
তাবিথ আউয়াল: আমাদের একটি বড় এবং প্রাণবন্ত ফুটবল পরিবার রয়েছে। অনেক সমস্যা আসবে, আবার অনেক সমস্যার সমাধানও হবে। এটি একটি চলমান প্রক্রিয়া। এবং এবারও আমরা পারস্পরিক সমাধান দ্রুত খুঁজে বের করবো। আশা করছি সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে।
পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ তো পুরানো। তারপরও চুক্তি নবায়ন হলো। মেয়েদের সঙ্গে এর আগে একটু আলোচনা করলে কি ভালো হতো না?
তাবিথ: (নো কমেন্টস)
মেয়েদের গণঅবসরের হুমকি নিয়ে কী ভাবছেন আপনি?
উত্তর: খেলোয়াড়রা আমাদের পরিবারের অংশ এবং আমরা আমাদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনও মন্তব্য করবো না।
অক্টোবরের পর মেয়েদের বেতন নিয়ে চুক্তি নবায়ন হয়নি। তাদের আগের ম্যাচ ফি পায়নি। তার ওপর ঘোষিত বোনাস দেড় কোটি টাকা পায়নি। বিষয়টি কীভাবে দেখছেন?
তাবিথ: আমরা আরও বেশি ফুটবলারকে পেশাদার চুক্তির আওতায় আনার পাশাপাশি চুক্তিগুলোকে আরও পেশাদার করার জন্য যাচাই-বাছাই করছি। বোনাসের অর্থ নির্বাহী কমিটির সকল সদস্যের অবদানের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে এবং সম্পূর্ণ তহবিল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বোনাস পরিশোধ করা হবে।








