স্থানীয় খেলোয়াড়দের নিয়ে ফেডারেশন কাপ ফুটবলে দুর্বার গতিতে এগিয়ে চলেছে আবাহনী লিমিটেড। আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে মারুফুল হকের দল। আজ ‘বি’ গ্রুপে রহমতগঞ্জকে ২-০ গোলে হারিয়ে সেরা হয়েছে। যদিও হারে পুরানো ঢাকার দলটির কোয়ালিফায়ারে খেলায় হেরফের হয়নি। গ্রুপ রানার্সআপ হয়ে খেলবে কামাল বাবুর দল।
শুক্রবার কিংস অ্যারেনাতে ১২ মিনিটে আবাহনীকে লিড এনে দেন এনামুল ইসলাম গাজী। রহমতগঞ্জের বক্সের ভেতরে শাহরিয়ার ইমনের টোকায় ব্যাক পাস পেয়ে নিখুঁত ফিনিশিং করেন এনামুল।
বিরতি থেকে ফিরেই আবাহনীর রক্ষণে হানা দেয় রহমতগঞ্জ। ডান দিক থেকে তাজ উদ্দিনের ক্রসে সামুয়েল বোয়াটেংয়ের ক্রস সাইড পোস্ট ঘেষে বাইরে চলে যায়। ৫৭ মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন নাবীব নেওয়াজ জীবন। মধ্য মাঠ থেকে উড়ে আসা বলে মামুদ ওশীর ব্যাক হেডে ছয় গজ বক্সে পেয়ে যান নাবীব, তার সামনে ছিলেন শুধুই গোলকিপার। কিন্তু হাওয়ায় ভাসা বলে ভলি করলেও তা অনেক উপর দিয়ে চলে যায়।
তিন মিনিট পর পাল্টা আক্রমণেই ব্যবধান বাড়িয়ে নেয় আবাহনী। কামরুলের ছোট করে নেওয়া কর্নার যায় ইব্রাহিমের পায়ে, বক্সে তুলে দেওয়া তার ক্রসে হেডে নিখুঁত ফিনিশিং করেন মোহাম্মদ হৃদয়।
শেষ মিনিটে মাহাদী ইউসুফের দূরপাল্লার শট ক্রসবারে লাগলে আর ব্যবধান বাড়েনি আবাহনীর। তবে তাতে করে আকাশী-নীল জার্সিধারীদের জয়ে কোনও সমস্যা হয়নি।
দিনের অন্য ম্যাচে একই গ্রুপে মোহামেডান ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। মইন ও আরিফ জোড়া গোল পান। সাব্বির করেন আত্মঘাতী গোল। যদিও সাদা কালো দলটি আগেই গ্রুপ থেকে বিদায় নিয়েছে।
কোয়ালিফায়ারে প্রথম ম্যাচে ৮ এপ্রিল বসুন্ধরা কিংস মুখোমুখি হবে আবাহনী লিমিটেডের। পরের ম্যাচে ১৫ এপ্রিল রহমতগঞ্জ খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।








