গত কয়েক মৌসুমের মতো এবারও বাজে পারফরম্যান্স করছে ম্যানচেস্টার ইউনাইটেড। রুবেন আমোরিমের ছোঁয়াতেও বদলায়নি চিত্র। রক্ষণে ঘাটতি পুষিয়ে নিতে এবার নতুন চুক্তি করলো তারা। তরুণ ড্যানিশ ফুলব্যাক প্যাট্রিক ডগুকে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রিমিয়ার লিগ ক্লাব।
আর্থিক বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ম্যানইউ। সূত্র মারফত ইংলিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিন কোটি ইউরোতে তার সঙ্গে চুক্তি করছে ক্লাবটি। শর্তসাপেক্ষে অঙ্কটা আরও ৫০ লাখ বাড়তে পারে।
২০ বছর বয়সী এই তরুণের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে তারা, ২০৩০ সাল পর্যন্ত।
ডেনমার্কের হয়ে চার ম্যাচ খেলা ডগু আমোরিমের অধীনে ম্যানইউর দ্বিতীয় চুক্তি। ইতালিয়ান সিরি আ ক্লাব লিচের হয়ে গত দুই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচ খেলেছেন তিনি, করেছেন পাঁচ গোল।
ইউরোপা লিগের নকআউটে উঠলেও ইউনাইটেড এবারের প্রিমিয়ার লিগে আছে দ্বাদশ স্থানে। লিগে সবশেষ পাঁচ ম্যাচে কেবল দুটিতে জিতেছে তারা।









