বাংলাদেশ ও ভারতের এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচটি হবে আগামী ২৫ মার্চ। ম্যাচটির ভেন্যু চূড়ান্ত হলো মঙ্গলবার। মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামেই হবে ম্যাচটি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই তথ্য জানিয়েছে।
আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু হবে। ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীকে শুরু থেকেই পাওয়া যাবে অনুশীলনে।
দেশে কয়েক দিনের অনুশীলন শেষে সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। হাভিয়ের কাবরেরার অধীনে সেখানে সপ্তাহ দেড়েক চলবে প্রস্তুতি। তারপর ঢাকায় ফিরে ভারতের উদ্দেশে রওনা হবে দল।
শিলংয়ের এই স্টেডিয়ামে ফিফা স্বীকৃত কোনও আন্তর্জাতিক ম্যাচ এখনও হয়নি। এ কারণে বাংলাদেশ-ভারত ম্যাচ আয়োজনের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনুমোদন প্রয়োজন ছিল। এএফসি স্টেডিয়ামটি পর্যবেক্ষণ করে অনুমতি দেওয়ায় তাতে প্রথম ম্যাচ হতে যাচ্ছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৯৮০ সালেই কেবল এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিল। এবারের বাছাই পর্বে বাংলাদেশ পড়েছে ভারত, সিঙ্গাপুর ও হংকংয়ের গ্রুপে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।









