চার বছর আগে আঁখি খাতুনের খেলা দেখতে চীন থেকে দেশে ফিরেছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম টিংকু। খেলা দেখতে এসে পরিচয়। এরপর সময় গড়িয়েছে অনেক দূর। ভালো লাগা থেকে কাল রাতে বিয়ের বন্ধনে জড়িয়েছেন দু’জন। সিরাজগঞ্জের শাহজাদপুরে কনের পিত্রালয়ে শুভ কাজটি সম্পন্ন হয়েছে তাদের।
আঁখির স্বামী মোহাম্মদ শরিফুল ইসলাম টিংকু বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র। চীনের সাংহাইয়ের একটি স্থানীয় ক্লাবের টেনিস কোচ হিসেবে কর্মরত অনেক দিন। সেই প্রিয় মানুষের টানেই ২০২৩ সালের শুরুর দিকে জাতীয় দল ছাড়েন আঁখি। এরপর থেকে চীনেই থাকতেন।সাংহাইয়ে একটি ক্লাবের হয়েও খেলতেন। পাশাপাশি খুদে ফুটবলারদের কোচিং করাতেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার।
বরের পরিচয় দিতে গিয়ে লাজুক হেসে আঁখি বলেছেন, ‘ও আমার খেলার অনেক বড় ভক্ত। এতই ভক্ত যে চার বছর আগে সুদূর চীন থেকে আমার খেলা দেখতে মাঠে হাজির হয়েছিল। সেটাই আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে। সোশ্যাল মিডিয়াতে যোগাযোগের পর আস্তে আস্তে ঘনিষ্ঠতা বাড়ে। এখন তো আমরা জীবনের বন্ধনে জড়িয়ে গেলাম।’
বিয়ের পরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখাটা ঠিকই চালিয়ে যাচ্ছেন গত ডিসেম্বরে দেশে আসা আঁখি। তবে পড়ালেখার পাশাপাশি খেলাটাও চালিয়ে যেতে যান তিনি।









