এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রস্তুতির জন্য এখন জামাল ভূঁইয়ারা সৌদি আরবের তায়েফে। সেখানে প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ সুদান শেষ মুহূর্তে এসে খেলতে চাইছে না। তবে না খেললেও বাংলাদেশ দলের অনুশীলন থেমে নেই।
হাভিয়ের কাবরেরা দলের অনুশীলন নিয়ে সন্তুষ্ট। জিম সেশন ছাড়াও ট্যাকটিকাল কাজও হচ্ছে।
দলে অনেক দিন পর ফিরেছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘চোট কাটিয়ে আসলাম অনেক দিন পর। ভালো লাগছে। এখানকার কন্ডিশন আলাদা। ভারতের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য অনুশীলন চলছে। অনুশীলনে আর একটু নিজেকে তুলে ধরতে চাই।’
ভারতের বিপক্ষে ২০১৯ সালে সল্টলেক স্টেডিয়ামে গোল করা সাদউদ্দিনের ভাই তাজউদ্দিন অপেক্ষায় আছেন, কবে হামজা চৌধুরী দলের সঙ্গে যোগ দেবেন। সিলেটের এই জাতীয় দলের ফুটবলার বলেন, ‘আগেও সৌদি আরবে এসেছি। অনুশীলন ভালো হচ্ছে। কোচ অনেক কিছু শেখাচ্ছেন। দলে টিকে থাকার চেষ্টা করছি। হামজা ভাই আসলে সিলেটি ভাষায় কথা বলবো। তাকে শেখাবো। যদিও উনি অনেক জানেন। ড্রেসিংরুম শেয়ার করবো।’







