রিয়াল মাদ্রিদে যাচ্ছেন ব্রুনো ফের্নান্দেস। ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়ককে নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে কোচ রুবেন আমোরিম জানালেন, তাদের পর্তুগিজ তারকা কোথাও যাচ্ছে না।
৩০ বছর বয়সী ফের্নান্দেস ২০২০ সালে স্পোর্তিং লিসবন থেকে ম্যানইউতে যোগ দেন। ২৭৭ ম্যাচে ৯৫ গোল করেছেন তিনি। ওল্ড ট্রাফোর্ডে তার চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।
কিন্তু সম্প্রতি গুঞ্জন উঠেছে, প্রায় ১১ কোটি ইউরোতে স্প্যানিশ ক্লাবে চলে যাচ্ছেন ফের্নান্দেস।
এনিয়ে আমোরিম বললেন, ‘না, এটা কখনোই হবে না। আমি ব্রুনোকে এখানে চাই। কারণ আমাদের মৌসুম খারাপ কাটলেও (সে দারুণ ছিল)। আমরা আবার প্রিমিয়ার লিগ জিততে চাইবো, তাই আমরা চাইবো আমাদের সেরা খেলোয়াড়রা সঙ্গে থাকুক।’
আমোরিম আরও বললেন, ‘সে ২৯ বছরের হলেও এখনও তরুণ। কারণ প্রতি মৌসুমে সে ৫৫ ম্যাচ খেলে। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ভালো পরিসংখ্যান তার। তার মতো খেলোয়াড় আমরা এখানে চাই। মানে সে কোথাও যাচ্ছে না। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। আমি বুঝতে পারি সে এখানে সুখে আছে।’









