বার্সেলোনায় ১০ বছর আগে যে কীর্তি গড়েছিলেন, এবার সেই অর্জনের পুনরাবৃত্তি হলো লুইস এনরিকের জীবনে। পিএসজিতে দ্বিতীয় মৌসুমেই জিতলেন ট্রেবল- লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। ক্লাবটির সাবেক তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বিরোধের কারণে আলোচনায় ছিলেন স্প্যানিশ কোচ। ফ্রান্সের বিশ্বকাপ জয়ীকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করে দেওয়ার পর এনরিকের হাতে গড়া তরুণ দল জিতে নিলো বহু আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।প্রথমবার ইউরোপের শ্রেষ্ঠত্ব অর্জন করে দলের কোচকে প্রশংসায় ভাসালেন হাকিমি, দুয়েরা।
পিএসজির ডিফেন্ডার হাকিমি বললেন, ‘আমরা ইতিহাস তৈরি করেছি, এই ক্লাবের ইতিহাসে আমরা আমাদের নাম লিখেছি। অনেক দিন ধরে, এটি এই ক্লাবের প্রাপ্য ছিল। ক্লাব এটার দাবিদার ছিল, আমরা খুব খুশি। আমরা একটি দারুণ পরিবার তৈরি করেছি।’
এনরিকের প্রশংসা করেন তিনি, ‘তিনি (লুইস এনরিক) পিএসজির সবকিছু বদলে দিয়েছেন। তিনি এখানে এসে ফুটবলকে দেখার ধরণ বদলে দিয়েছেন। তিনি একজন বিশ্বস্ত মানুষ, তিনি অন্য যে কারও চেয়ে এটির যোগ্য।’
একটি গোল বানিয়ে দেওয়ার পর দুই গোল করা দুয়ে এনরিকের প্রশংসা করলেন ‘(লুইস এনরিক) দুই বছর ধরে এখানে আছেন এবং তিনি ক্লাবের জন্য ইতিহাস তৈরি করেছেন। কৌশলগত এবং মানসিকভাবে, তিনি সত্যিই একজন ভালো কোচ, অবিশ্বাস্য এবং একজন মানুষ হিসেবেও।’
তিনি আরও বললেন, ‘তার সঙ্গে কাজ করাটা আনন্দের। আমি জানি না আমরা কীভাবে উদযাপন করবো কিন্তু এটা অনেক রোমাঞ্চকর হতে চলেছে।’
এনরিকে প্রত্যেক খেলোয়াড়ের মানসিকতা বদলে দিয়েছে, বললেন কিপার জিয়ানলুইজি দোনারুম্মা, ‘এই মৌসুমে আমরা তো কয়েকবার প্রায় ছিটকে যেতে বসেছিলাম, তারপর আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং একটি অসাধারণ মৌসুম শেষ করলাম।’
তিনি শেষ করলেন, ‘আমাদের কোচ আমাদের স্বাধীনতা দিয়েছেন এবং শান্ত রাখেন। এটাই তার দর্শন। তিনি সম্ভাব্য সেরা উপায়ে ফাইনালের জন্য দলকে প্রস্তুত করেছিলেন। আমরা সেটা দেখেছি।’









