নেশন্স লিগে ৫ গোলে পিছিয়ে পড়েও রোমাঞ্চকর ম্যাচের জন্ম দিয়েছিল ফ্রান্স। অদম্য মানসিকতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাদের ৫-৪ গোলে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন।
প্রথমার্ধেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা কাঁপিয়ে দেয় ফরাসিদের। ২৫ মিনিটের মধ্যে নিকো উইলিয়ামস ও মিকেল মেরিনোর গোলে অগ্রগামিতা পায় দুই গোলের। তার পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে নিজেকে মেলে ধরেন ব্যালন ডি’অরের অন্যতম ফেভারিট লামিনে ইয়ামাল। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে স্কোর ৩-০ করেন তিনি। এক মিনিট বাদে পেদ্রির গোল স্কোর ৪-০ করেছে।
দ্বিতীয়ার্ধে তার পর গোলের তুবড়ি ছুটতে থাকে। ফ্রান্সের হয়ে ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। কিন্তু ৬৭ মিনিটে একক নৈপুণ্যে দলের স্কোর ৫-১ করেন ইয়ামাল। তার পরেই মূলত অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লেখার চেষ্টা করেন ফ্রান্স। ৭৯ মিনিটে রায়ান চেরকি, ৮৪ মিনিটে দানি ভিভিয়ানের আত্মঘাতী গোল ও ৯০+৩ মিনিটে রান্ডাল কোলো মুয়ানির স্কোর শেষ দিকে আশার সঞ্চার করে। কিন্তু স্পেন দৃঢ়তা দেখিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে। ফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগাল।









