বাংলাদেশের তারকা নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা সম্প্রতি মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ের তিন ম্যাচে পাঁচ গোল করে প্রশংসিত হয়েছেন। দেশকে প্রথমবার এশিয়ান কাপের মূল পর্বে তোলা এই ফরোয়ার্ড মাঠের বাইরেও আলোচিত। এবার আলোচনার কেন্দ্রে তার অসুস্থ মা।
সম্প্রতি ঋতুপর্ণা কয়েকটি গণমাধ্যমে তার ক্যানসারে আক্রান্ত মায়ের জন্য দোয়া চেয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটি তুলে ধরা হয়, তিনি তার মায়ের চিকিৎসার জন্য নাকি অর্থ সহায়তা চাইছেন। এরই পরিপ্রেক্ষিতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
অবশ্য এরপর থেকে অনেকেই অর্থ সহায়তা করতে ইচ্ছা প্রকাশ করেন। ইতোমধ্যে ঋতুপর্ণার মায়ের চিকিৎসার জন্য দুই লাখ টাকা অর্থ সহায়তা পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আজ বুধবার তার নির্দেশে রাঙামাটির কাউখালীর মগাছড়ি গ্রামে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রতিনিধি দল। এছাড়া রাঙামাটি পার্বত্য জেলা কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হয়েছে তিন লাখ টাকার চেক।
তবে অর্থ সহায়তার জন্য অনেকে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করায় বিব্রত হয়েছেন ঋতুপর্ণা। বুধবার সন্ধ্যায় ফেসবুকে মাকে নিয়ে পোস্ট করেন তিনি, ‘প্রিয়ভাজনদের প্রতি, আমার পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে আমার এবং আমার পরিবারের পাশে দাঁড়ানোয় আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আমার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার উদ্বেগ থাকাটা সত্যিই আমার জন্য বিশাল আশীর্বাদ। এই মুহূর্তে আপনাদের কাছে আমরা মায়ের জন্য অর্থ সহায়তার চেয়ে বেশি দোয়া চাইছি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং তাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’









