১১ থেকে ১৩ জুলাই মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য লা লিগা ইয়ুথ টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশের জাফরানী স্পোর্টিং ক্লাবের ১৭ সদস্যের ফুটবল দল হ্যালো সুপারস্টার্সের ব্যবস্থাপনায় দেশ ছেড়েছে।
আজ শুক্রবার ইউপিএম বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান, চীন, ফিলিপাইন, ভারতের পাশাপাশি বাংলাদেশের ছেলেরাও দেশের পতাকা তুলে ধরবে।
হ্যালো সুপারস্টার্সের সার্বিক তত্ত্বাবধানে গত মে মাস থেকে সারাদেশ ব্যাপী চলছিল খেলোয়াড় বাছাইয়ের চুলচেরা বিশ্লেষণ। ১৬ জুন বিকেএসপিতে অনুষ্ঠিত হয়েছিল চূড়ান্ত বাছাই প্রতিযোগিতা। সেখান থেকেই চূড়ান্তভাবে ১৪ জন খেলোয়াড় নির্বাচন করা হয়। তারা জাফরানী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে গতকাল মালয়েশিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।
লা লিগা ইয়ুথ টুর্নামেন্ট এবার প্রথমবারের মতো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে। হ্যালো সুপারস্টার্স ও জাফরানী স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান তার আন্তর্জাতিক ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে এই প্রতিযোগিতার মতো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এই অংশগ্রহণ ব্যবস্থা নিশ্চিত করেন।








