মেয়েদের ফুটবল ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল চুক্তি করে ফেলেছে আর্সেনাল। ১০ লাখ পাউন্ডে লিভারপুল থেকে কানাডা ফরোয়ার্ড অলিভিয়া স্মিথকে নিয়েছে তারা।
১৫ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত স্মিথের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা চার বছরের চুক্তি করেছে। ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন মেয়েদের ফুটবলে সবচেয়ে দামী খেলোয়াড়। তিনি ভেঙেছেন গত জানুয়ারিতে সান ডিয়েগো ওয়েভ থেকে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার নাওমি গিরমার সঙ্গে চেলসির ৯ লাখ পাউন্ডের রেকর্ড।
স্মিথ বলেছেন, ‘আর্সেনালে চুক্তি করা সম্মানের। ইংল্যান্ড ও ইউরোপের সবচেয়ে বড় শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা আমার স্বপ্ন। আমি আর্সেনালের সঙ্গে সেটা শুরু করতে এবং তাতে অবদান রাখতে উন্মুখ হয়ে আছি।’
লিভারপুলের আগে স্মিথ পর্তুগিজ দল স্পোর্তিংয়ের হয়ে খেলেছেন। ক্লাব রেকর্ড ২ লাখ পাউন্ডে এক বছর আগে তাদের হয়ে খেলেন এই কানাডিয়ান।
লিভারপুলের হয়ে অভিষেক মৌসুমে ২০টি সুপার লিগের ম্যাচ খেলে সাত গোল করেন স্মিথ। দল টেবিলের সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করে। সব প্রতিযোগিতা মিলে তিনি ২৫ ম্যাচে ক্লাবের হয়ে সর্বোচ্চ ৯ গোল করেন।









