সাফ জেতার পর এবার এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইয়ে চোখ সাগরিকা-নবীরনদের। তবে এরচেয়ে বড় স্বপ্ন সিনিয়র দলের অস্ট্রেলিয়ার এশিয়ান কাপের মূল পর্ব।
২ আগস্ট শুরু হবে বাছাই। ‘এইচ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ ৬ আগস্ট লাওসের সঙ্গে। বাকি দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর।
আট গ্রুপে থাকা ৩৩ দলের মধ্যে সেরা ৮ দল সরাসরি যাবে ২০২৬ সালে থাইল্যান্ডে অনুষ্ঠেয় এশিয়ান কাপে। ভালো পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হতে পারলেও মিলবে আরেকটি সুযোগ। দ্বিতীয় হওয়াদের মধ্যে সেরা তিন দল পাবে এশিয়ান কাপে খেলার টিকিট।
তবে আলো ছড়ানো নবীরন খাতুন চান সামনের দিকে এগিয়ে যেতে, ‘আমি সিনিয়র টিমে খেলেছি, মিয়ানমারে বড়রা যেভাবে খেলে এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে, আমরাও চাই তাদের মতো এশিয়ান কাপে জায়গা করে নিতে।’
সাফের অনূর্ধ্ব-২০ দলে ২ গোল করা পূজা দাস সদ্য শিরোপা জেতার কাহিনি শোনালেন, ‘আমি মাঠে নামার আগে মাথায় নিয়ে নামছি যে নিজেকে মেলে ধরবো। আমার সাইড দিয়ে যেন বল নিয়ে কেউ না যেতে পারে, আমি সেভাবেই তাকে আটকাবো। আমরা আমাদের চেষ্টা চালিয়ে গেছি।’
শেষ ম্যাচ নিয়ে নবীরন যা বললেন, ‘আমি চেষ্টা করবো এই পারফরম্যান্স, ধারাবাহিতা ধরে রাখার জন্য। প্রত্যেকটা ম্যাচ একেকটি চ্যালেঞ্জিং। পুরোটা কাভার করার জন্য চেষ্টা করবো।’
শেষ ম্যাচের আগে ড্রেসিংরুমে কি নির্দেশনা এসেছিল? নবীরনের উত্তর, ‘স্যার আমাদের কিছু পরিকল্পনা দিয়েছেন আমরা কীভাবে খেলবো। আমাদের পাসিং কেমন হবে। আমাদের ডিফেন্ডিং কী হবে। এবং গোল স্কোরিংয়ের সময় আমরা মাথা ঠান্ডা করে গোল করবো এগুলো বলেছেন। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া ছিল বলে জয় আনতে পেরেছি।’









