গত মৌসুমে মোহামেডানকে শিরোপা জেতানো সুলেমানে দিয়াবাতে আগেই আবাহনীতে যোগ দিয়েছেন। তার সঙ্গে গত দুই মৌসুম ধরে একই ক্লাবে খেলা আরেক বিদেশি তারকা এমানুয়েল সানডেও নতুন ঠিকানা খুঁজে নিলেন। নাইজেরিয়ান ফরোয়ার্ড এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসে।
২৩ বছর পর মোহামেডান শিরোপা জেতার পর দিয়াবাতে ও সানডেকে ধরে রাখেনি। সবশেষ নাইজেরিয়ান ফরোয়ার্ডকে দলে টানলো কিংস।
অবশ্য নতুন মৌসুমের জন্য কোচ এখনও নিয়োগ দেয়নি কিংস। ব্রাজিল ও স্পেনের দুই কোচ এই দৌড়ে এগিয়ে আছেন। আপাতত কোচ ছাড়াই চ্যালেঞ্জ লিগের অনুশীলন শুরু করছে তারা।
আগামী ১২ আগস্ট দোহায় সিরিয়ার আল কারামাহর বিপক্ষে কিংসের এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ।
কিংস থেকে ইতোমধ্যে চলে গেছেন শেখ মোরসালিন, রাব্বি হোসেন রাহুল, রফিকুল ইসলাম ও টুটুল হোসেন বাদশা।








