ইউরোপিয়ান লিগের পাট চুকিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো এখন সৌদি লিগে খেলছেন। পর্তুগিজ যুবরাজ অবশ্য আবারও স্পেনে খেলার সুযোগ পাচ্ছেন। না দল বদল করেননি। প্রাক মৌসুম প্রীতি ম্যাচের অংশ হিসেবে আল নাসরের হয়েই সেখানকার ক্লাব আলমেরিয়ার বিপক্ষে খেলবেন তিনি। তাতে করে তিন বছরের মাথায় স্পেনের মাটিতে খেলার সুযোগ পাচ্ছেন পর্তুগিজ তারকা।
আল নাসর হয়তো ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। কিন্তু আসন্ন গ্রীষ্মে ব্যস্ত সূচি সৌদি প্রো লিগের ক্লাবটির সামনে। রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে নিয়েছে। অতি সম্প্রতি হোয়াও ফেলিক্সকেও দলে ভিড়িয়েছে। যে চুক্তির পরিমাণ ধারণা করা হচ্ছে ৪৩.৭ মিলিয়ন ইউরো।
দল বদলে আরও চমক হয়তো অপেক্ষা করছে। তার আগে প্রাক মৌসুমে নিজেদের ঝালিয়ে নিতে চাচ্ছে আল নাসর। তারই অংশ হিসেবে তারা অস্ট্রিয়া, ইংল্যান্ড ও স্পেনে খেলবে। আর এই ব্যস্ত সূচি রোনালদোকে আবারও স্পেনে খেলার সুযোগ করে দিচ্ছে। যেখানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে ৯ বছর ধরে দাপটের সঙ্গে খেলেছেন। আল নাসরের সফর শেষ হবে ১০ আগস্ট, দক্ষিণ স্পেনের ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে একটি ম্যাচের মাধ্যমে।
দক্ষিণ স্পেনের এই স্টেডিয়াম রোনালদোর জন্য অচেনা কিছু নয়। রিয়াল মাদ্রিদের জার্সিতে ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে চারটি ম্যাচে চারটি গোল করেছিলেন।
গত বছরও আলমেরিয়ার মুখোমুখি হয়েছিল আল নাসর। কিন্তু ৪০ বছর বয়সী রোনালদো সেই ম্যাচে খেলেননি, তাতে করে স্পেনে তার বহু প্রতীক্ষিত ফেরাটা বিলম্বিত হয়েছে। সর্বশেষ ২০২২ সালে স্পেনে খেলেছিলেন তিনি। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিলেন।
স্পেনজুড়ে অসংখ্য ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে রোনালদোকে আবার মাঠে দেখার জন্য। কারণ এই দেশেই তিনি নিজের ক্যারিয়ারকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। পর্তুগালের অধিনায়ক রিয়াল মাদ্রিদের হয়ে ১৬টি ট্রফি জয় জিতেছেন, যার মধ্যে রয়েছে চারটি চ্যাম্পিয়ন্স লিগ। তাছাড়া ক্লাবটির ইতিহাসের প্রায় সব গোলের রেকর্ডই তার দখলে।









