ফ্রান্স জাতীয় দলে ১০ নম্বর জার্সিটাই পরতেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালে আসার পর থেকেও সেই পরিকল্পনা ছিল তার। অবশ্য সেক্ষেত্রে ওই নম্বর উন্মুক্ত থাকা সাপেক্ষেই এমনটা করতে পারতেন। লুকা মদরিচ ক্লাব ছেড়ে যাওয়ার পর বাকি শুধু ছিল আনুষ্ঠানিকতার। অবশেষে মাদ্রিদের অভিজাতরা জানিয়ে দিয়েছে, ক্লাবের ঐতিহ্যবাহী দশ নম্বর জার্সিটি এখন থেকে ফরাসি তারকার।
ঐতিহ্যবাহী জার্সিটি রিয়াল মাদ্রিদ কিংবদন্তিদেরই শোভা পেয়েছে এতদিন। ফেরেঙ্ক পুসকাস, ক্লারেন্স সিডর্ফ ও লুইস ফিগোরা এই জার্সি পরেছিলেন। উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে আছে রবিনহো, মেসুত ওজিলও।
এমবাপ্পে রিয়ালে অভিষেক করার পর থেকে ৯ নম্বর জার্সিটি পরছিলেন। ২০২৪-২৫ মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৪৪ গোল।
গত গ্রীষ্মে দীর্ঘ অপেক্ষার পর পিএসজি থেকে নিজের কাঙ্ক্ষিত ক্লাবটিতে যোগ দেওয়ার সুযোগ পান তিনি। তার পর স্প্যানিশ লিগে ব্যক্তিগতভাবে দারুণ মৌসুম কাটিয়েছেন। লা লিগায় ৩১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ২৬ বছর বয়সী। শুধু কি তাই? ক্লাব লিজেন্ড ক্রিস্টিয়ানো রোনালদোর অভিষেকে করা সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৩ গোলের কীর্তিকেও ছাড়িয়ে গেছেন। তবে ব্যক্তিগতভাবে সফল থাকলেও দলকে শিরোপা জেতাতে পারেননি।







