নিয়মিত মৌসুমের আগেই প্রাক মৌসুমের প্রথম প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল মাদ্রিদ। তাতে ভালোভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা। অস্ট্রিয়ান ক্লাব ডাব্লিউএসজি তিরোলকে ৪-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। জোড়া গোল করে প্রস্তুতি সেরেছেন কিলিয়ান এমবাপ্পে।
খেলার দশম মিনিটেই এদের মিলিতাওর হেড থেকে অগ্রগামিতা পায় মাদ্রিদ। তিন মিনিট বাদে ব্যবধান বাড়ান এমবাপ্পে। ৫৯ মিনিটে স্কোর ৩-০ করে ফেলেন তিনি।
দাপট দেখাতে থাকায় তার পর কোচ জাবি আলোনসো দলে পরিবর্তন আনেন ৭টি। সেই পরবির্তিত খেলোয়াড়দের মধ্য থেকে ৮২ মিনিটে চতুর্থ গোলটি করেছেন রদ্রিগো। এমবাপ্পের সঙ্গে পাস দেওয়া নেওয়া করে জাল কাঁপান এই ব্রাজিলিয়ান।
এদিনের শুরুর একাদশে গ্রীষ্মে চুক্তিবদ্ধ তিন খেলোয়াড়কেও নামান আলোনসো। তারা হচ্ছেন- ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড, ডিন হুইসেন ও আলভারো কারেরাস।
মিডফিল্ডার আর্দা গুলের আলো ছড়ালেও জাল কাঁপাতে পারেননি। দুবার তার প্রচেষ্টা গোল পোস্ট আর ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে। তবে এমবাপ্পের প্রথম গোলটিতে এসিস্ট করেছেন তিনি।
অভিষেক মৌসুমে রিয়ালের হয়ে ৪৩ গোল পাওয়া এমবাপ্পে ৭১ মিনিটে হ্যাটট্রিক গোলটিও পেতে পারতেন। কিন্তু তাকে হতাশ করেছেন প্রতিপক্ষ গোলকিপার। তবে চতুর্থ গোলটি পেতে রিটার্ন পাসে অবদান রাখেন তিনি।









