প্যারিস সেন্ট জার্মেই যে এভাবে ঘুরে দাঁড়াবে, ঘুণাক্ষরেও কল্পনা করেনি টটেনহাম হটস্পার। বুধবার ইতালির উদিনেতে ৮৪ মিনিট পর্যন্ত দুই গোলে এগিয়ে ছিল তারা। কিন্তু ১০ মিনিটের মধ্যে গোল শোধ দিয়ে প্যারিস ক্লাব টাইব্রেকারে উয়েফা সুপার কাপ ট্রফি নিশ্চিত করে। স্পারদের ডাগআউটে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে দাঁড়ানো থমাস ফ্রাঙ্ক এই হারকে বর্ণনা করলেন এভাবে, ‘সফল অস্ত্রোপচার... কিন্তু রোগী মারা গেছে।’
পেনাল্টি শুটআউটে ম্যাচ না গড়ালে সপ্তম ইংলিশ ক্লাব হিসেবে সুপার কাপ জিততো টটেনহাম। শেষ ২০ মিনিটে অন্যরকম গেমপ্ল্যান মাঠে প্রয়োগ করেন তিনি। নতুন ফরমেশন ৫-৩-২ এ পিএসজিকে হতাশ করতে চেয়েছিলেন, কিন্তু ফল হয়েছে উল্টো।
সাড়ে ৫ কোটি পাউন্ডের মোহাম্মেদ কুদুসের সঙ্গে আক্রমণভাগে রিচার্লিশনকে খেলান ফ্রাঙ্ক। ফরমেশনে পরিবর্তন নিয়ে ঝানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানতাম পিএসজির বিপক্ষে আমাদের ভিন্ন কিছু করতে হতো। এটা অনেকটা বিশেষ অস্ত্রোপচারের মতো ব্যাপার ছিল।’
তিনি বলে গেলেন, ‘চিকিৎসার পরিভাষায় বলা চলে, অস্ত্রোপচার সফল হয়েছিল, কিন্তু রোগী মারা গেছে। শেষটা ভালো হয়নি। কিন্তু আমরা একটি গেমপ্ল্যান নিয়ে কাজ করেছি, যেটা ছিল একটু ভিন্ন। আমরা সফল হওয়ার খুব কাছে ছিলাম।’
পেনাল্টি শুটআউট পার্থক্য গড়ে দিয়েছে মনে করেন ফ্রাঙ্ক, ‘আমার মনে হয় পিএসজির বিপক্ষে ২-২ মেনে নেওয়া যায়। এই ফল ভালো। কিন্তু পেনাল্টি শুটআউটের কথা আলাদা করে বললে, আমরা হেরে গেলাম। আমাদের পেনাল্টি নিয়ে কাজ করতে হবে। সম্ভবত এটাই ফাইনাল জয়ে পার্থক্য গড়েছে।’








