এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ড্র হয়েছে শুক্রবার। সৌদি জায়ান্ট আল নাসর ‘ডি’ গ্রুপে পড়েছে। ক্রিস্টিয়ানো রোনালদোর দলের সঙ্গে একই গ্রুপে ইন্ডিয়ান সুপার লিগের এফসি গোয়া, ইরাকের আল জাওরা ও তাজিকিস্তানের ইস্তিকলোল। ভারত ও সৌদি ক্লাব একই গ্রুপে পড়ায় রোনালদোর ভারতে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রত্যেক দল এই টুর্নামেন্টে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে। সেই হিসাবে আল নাসর গোয়ার বিপক্ষে খেলতে ভারতে আসবে।
তবে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, রোনালদো ভারতে খেলবেন না। আল নাসরের সঙ্গে তার চুক্তি অনুযায়ী, চ্যাম্পিয়ন্স লিগ টুর অ্যাওয়ে ম্যাচে তিনি খেলতে চান না। বয়সের কারণে ট্র্যাভেল টাইম কমাতে তিনি আল নাসরের হয়ে কোনও অ্যাওয়ে ম্যাচ খেলবেন না। এজন্য তার ভারতে আসার সম্ভাবনা নেই।
অবশ্য এই ব্যাপারে আল নাসরের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। পর্তুগিজ তারকা না এলেও জোয়াও ফেলিক্স, সাদিও মানে, মার্সেলো ব্রোজোভিচের মতো তারকারা খেলবেন গোয়ার মাঠে।









