স্যাটেলাইট চ্যানেলের পাশাপাশি এবার বঙ্গ ও মাইকোর পার্টনারশিপে স্ট্রিমিংয়ের মাধ্যমে বাংলাদেশে দেখা যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সরাসরি খেলা। লিগের ৩৮০টি ম্যাচের সবগুলোই দেখা যাবে।
আজ রবিবার স্থানীয় এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ এই ঘোষণা দিয়েছে। এর আগে ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’র মাধ্যমে এদেশে ইপিএল দেখা গেছে। তবে বঙ্গ’র দাবি এবার হাই ডেফিনিশনে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। দেখতে গেলে পুরো মৌসুমের জন্য ৬৫০ টাকা অথবা প্রতি মাসের জন্য ১১০ টাকা করে দিতে হবে।
বঙ্গ’র প্রতিষ্ঠাতা ফায়াজ তাহের তার নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেছেন, ‘নব্বইয়ের দশকে আমি টিভিতে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখেই বড় হয়েছি এবং ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখেই ফুটবলের প্রতি ভালোবাসা জন্মেছে। বাংলাদেশে আবারও সেই উন্মাদনা ফিরে এসেছে। আমাদের লক্ষ্য দেশের তরুণ প্রজন্মকে বিশ্বের সেরা ফুটবল লিগ দেখার সুযোগ করে দেওয়া। এতে করে তারা যেন খেলা দেখতে, শিখতে ও খেলতে উৎসাহিত হয়। আমরা শিগগিরই ফ্যান্টাসি লিগ নিয়েও আসছি।’ খেলার আগে তারা বিল্ডআপ শো-ও করবে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রধান অতিথির বক্তৃতায় এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘অনেক সময় অনেক দর্শকরা সঠিক খেলাটা দেখতে পারেন না সময়ের কারণে, দামের কারণে। এখন থেকে আমরা যেভাবে খুশি সেভাবে খেলাটা দেখতে পারবো। এর মধ্যে আমি শুনেছি হাইলাইটস দেখাবে তারা। যারা ম্যাচ মিস করবে তারাও এই ক্ষেত্রে ম্যাচ দেখতে পারবে। এজন্য বঙ্গ ও মাইকোকে ধন্যবাদ জানাচ্ছি।’
নিজের দেশের ফুটবলের দিকে তাকিয়ে সভাপতি বলেছেন, ‘আজকের দিনটা আমাদের দেখাচ্ছে যে ফুটবলটা কোনদিকে যাচ্ছে। আমরা দেখছি ছেলেদের সঙ্গে নারীরাও ভালো করছে। যাদের জন্য বাংলাদেশকে পৃথিবী নতুনভাবে চিনতে পারছে। এই ক্ষেত্রে বঙ্গ যে প্রথমবার উদ্যোগটা নিয়েছে, এর মাধ্যমেও বিশ্ব বাংলাদেশকে নতুন করে চিনতে পারবে।’
বঙ্গ ভবিষ্যতে বাংলাদেশ ফুটবলের সঙ্গেও জড়িত হবে বলে আশা প্রকাশ করেছেন দেশের ফুটবলের বড় কর্তা।








