সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইকে সামনে রেখে বাংলাদেশ দল এখন বাহরাইনে। সেখানে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ। প্রথমটিতে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে। যদিও ক্লোজডোর থাকায় বাফুফে থেকে আনুষ্ঠানিকভাবে ফল জানানো হয়নি।
বাংলাদেশ ও বাহরাইনের এই বয়সভিত্তিক দলের ম্যাচটি ফিফার টায়ার-২ স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের হয়ে দুই প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ ও তানিল সালিকের অভিষেক হয়েছে তাতে। ডিফেন্ডার জায়ান আহমেদ শুরু থেকে একাদশে ছিলেন। তানিল সালিক নেমেছেন দ্বিতীয়ার্ধে।
বাফুফের ভিডিও বার্তায় জায়ান বলেছেন, ‘আমরা ভালো খেলেছি। তিন-চারটা ভালো সুযোগ ছিল। ম্যাচটি প্রায় সমতায় ছিল।’
বাংলাদেশের জার্সিতে নিজের প্রথম ম্যাচ। তাই রোমাঞ্চিত জায়ান বলেছেন, ‘দশের মধ্যে নিজেকে সাড়ে সাত দেবো। কিছু ভালো অ্যাসিস্ট ছিল, চেষ্টা করেছি।’
বাংলাদেশ দল পেনাল্টি থেকে ম্যাচ হেরেছে । হারের পর জায়ান দলের পারফরম্যান্স বিশ্লেষণ করেছেন এভাবে, ‘টিম পারফরম্যান্স দশের মধ্যে আট। আমরা গোলের সুযোগ পেয়েছি, প্রতি আক্রমণও হয়েছে। ভিয়েতনামের জন্য আমরা অনেক কষ্ট করছি- অনুশীলন, ভিডিও, মিটিং। আমাদের গ্রুপ (দল) ভালো এবং মেধাবী।’








