গত মৌসুমে রিয়াল মাদ্রিদে অভিষেকে আলো ছড়ান কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার তার একমাত্র গোল মাদ্রিদ ক্লাবকে লা লিগায় শুভ সূচনা এনে দিলো। ওসাসুনাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল।
গত মৌসুমে রিয়ালের শীর্ষ গোলদাতা ছিলেন এমবাপ্পে। ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। ডানদিক দিয়ে বল নিয়ে বক্সে ঢুকে কাটব্যাক করার মুহূর্তে ফাউলের শিকার হন। তারপর ওসাসুনা কিপারকে অন্য দিকে পাঠিয়ে তিনি জাল কাঁপান।
এই গোলে রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর অভিষেক মৌসুম শুরু হলো জয় দিয়ে। ক্লাব বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলে চলে যাওয়া কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হোন সাবেক মাদ্রিদ ডিফেন্ডার।
আলোনসো বললেন, ’কোচ হিসেবে এখানে ফিরতে পারা ছিল বিশেষ। আশা করি অনেক জয় উদযাপনের প্রথম ছিল এটি।'
ক্লাবের তিন নতুন চুক্তি লেফট ব্যাক আলভারো কারেরাস, রাইট ব্যাক ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ও সেন্টার ব্যাক ডিন হুইসেনকে শুরুর একাদশে রাখেন আলোনসো। টিনএজ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ৬৮তম মিনিটে ব্রাহিম দিয়াজের বদলি হয়ে মাঠে নামেন। তখন সান্তিয়াগো বার্নাব্যু গর্জে উঠে।
পরিচিতি অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে লিওনেল মেসির প্রশংসা করে কিছু ভক্তের রোষানলে পড়েন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৮৯তম মিনিটে গোলের সুযোগ তিনি পেয়েছিলেন। বক্সের ভেতর থেকে নেওয়া তার শট ওসাসুনা কিপার রুখে দেন।
নবীনদের নিয়ে আলোনসো বলেন, 'তারা সবাই ভালো করেছে। তারা অনেক বছর আমাদের সহায়তা করার মতো খেলোয়াড়। তাদের কেউ রিয়ালের জার্সি বা বার্নাব্যুর চাপ অনুভব করেনি।'
মাদ্রিদ ফরোয়ার্ড গনসালো গার্সিয়াকে ফাউল করে স্টপেজ টাইমে সরাসরি লাল কার্ড দেখেন ওসাসুনা ডিফেন্ডার আবেল ব্রেতোনেস।
পুরো ম্যাচে রদ্রিগো বেঞ্চে ছিলেন। দল বদলের গুঞ্জনের পালে জোর হাওয়া লাগলো তাতে।
বল দখলে আধিপত্য ছিল রিয়ালের। ৭০ শতাংশ পজেশন তাদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ওসাসুনার জমাট রক্ষণ ভাঙতে পারেনি প্রথম অর্ধে। লম্বা কয়েকটি শটে নেওয়া তাদের প্রচেষ্টা রুখে দেন ওসাসুনা কিপার।
এমবাপ্পের একটি শট অল্পের জন্য পোস্ট ঘেষে বেরিয়ে যায়। শেষ পর্যন্ত পেনাল্টি থেকে তার গোল গড়ে দেয় ব্যবধান।









