কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের বাছাইয়ে বসুন্ধরা কিংসের ডাগ আউটে দাঁড়ানোর কথা ছিল ব্রাজিলিয়ান কোচ সার্জিও ফারিয়াসের। কিন্তু দোহায় না এসে ব্রাজিলিয়ান কোচ ইরাকের ডুহক ক্লাবে যোগ দিয়েছেন! স্থানীয় কোচের অধীনে কিংস ম্যাচ জিতেছে। তবে আসন্ন ঘরোয়া মৌসুমের জন্য এবার আর্জেন্টিনার কোচ আনছে বসুন্ধরা। ৬৮ বছর বয়সী মারিও গোমেজকে দেখা যাবে তাদের ডাগ আউটে।
সবশেষ গত বছর ইন্দোনেশিয়ার পেশাদার ক্লাব বাহইয়াংকারা এফসির হয়ে ডাগ আউটে থাকলেও সুবিধা করতে পারেননি গোমেজ। ক্লাবকে অবনমনের হাত থেকে বাঁচাতে না পারলে বরখাস্ত হতে হয় তাকে। তার অধীনে ক্লাবটি মাত্র একটি ম্যাচ জিতেছিল।
২০১৫ সালটি ছিল মারিও গোমেজের জন্য পয়মন্ত। মালয়েশিয়ায় ক্লাব জোহর তাজুল তাজিমকে এএফসি কাপের শিরোপা জিতিয়েছেন। এছাড়া সুপার লিগ ও এফএ কাপ তো রয়েছেই।
আর্জেন্টিনার নতুন কোচ নিয়োগ প্রসঙ্গে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘মারিও গোমেজ হতে যাচ্ছেন আমাদের নতুন কোচ। তার সঙ্গে চুক্তি হয়েছে। শিগগিরই ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন।’
গোমেজ মালয়েশিয়া ছাড়াও আর্জেন্টিনা, গ্রিস, ইকুয়েডর, হংকং, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বিভিন্ন ক্লাবে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। আর শুরুটা আর্জেন্টিনার লানুস ক্লাবে হেক্টর কুপারের সহকারী হিসেবে। এরপর ইউরোপে গিয়ে কুপারের সঙ্গে কাজ করেছেন মায়োর্কা, ভ্যালেন্সিয়া ও ইন্টার মিলানে। সে সময় রোনালদো, ক্রেসপো, ভিয়েরি, জানেত্তির মতো বিশ্বসেরা তারকাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা হয়েছে তার।
এদিকে, ব্রাজিলিয়ান সার্জিও ফারিয়াসের বিরুদ্ধে ফিফায় অভিযোগ দিতে যাচ্ছে কিংস।









