জাতীয় দলের ক্যাম্পে বসুন্ধরা কিংস তাদের খেলোয়াড়দের না ছাড়ার ব্যাপারে অনড় ছিল। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল আজ মঙ্গলবার বাহরাইন থেকে দেশে ফেরার পরপরই ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেলকে ছেড়েছে তারা। সন্ধ্যার পর দলের ক্যাম্পে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার।
কিংসের চার ফুটবলার অনূর্ধ্ব-২৩ দলে ডাক পেয়েছিলেন। জনি, রিমন ও শ্রাবণ কাতার থেকে বাহরাইনে গেলেও কিউবাকে ছাড়েনি তারা। কাতার থেকে দেশে ফিরতে হয় তাকে।
কিংসকে জাতীয় দলের ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়তে বাফুফে চিঠি দিয়ে অনুরোধ করার পরও তাদের অবস্থানে অনড় ছিল।
নেপালে দুটি প্রীতি ম্যাচের জন্য কিংসের তপু বর্মণ, সাদ উদ্দিন, তারিক কাজী, হৃদয়, সোহেল রানা, মো. সোহেল রানা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও রাকিব হোসেন ডাক পেয়েছিলেন। তাদেরও জাতীয় দলের ক্যাম্পে যোগদানে বাধা দেয় কিংস।
কাতারের দোহা থেকে বাহরাইনে কিউবাকে না ছাড়লেও বাংলাদেশ ছাড়ার তিন দিন আগেই তাকে জাতীয় দলে পাঠিয়েছে কিংস। কিউবার পর জাতীয় দলে ডাক পাওয়া কিংসের অন্য খেলোয়াড়রাও ক্যাম্পে যোগ দেবেন, এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।
৩-৯ সেপ্টেম্বর ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্টের বাছাই। এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছাড়বে ২৯ আগস্ট রাতে।
ফাহামিদুল ইসলাম সরাসরি ভিয়েতনামে যোগ দেবেন। অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার শাহীন হাসান গণমাধ্যমকে বলেন, ‘আমরা আগামী তিন দিন জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবো। এজন্য বারিধারা থেকে কাকরাইলের হোটেলে ক্যাম্প আনা হয়েছে। কিউবা আজ সন্ধ্যার পর ক্যাম্পে এসেছে। ফাহামিদুল সরাসরি ভিয়েতনাম যাবে।’
খেলোয়াড়দের না ছাড়ার পেছনে দীর্ঘদিন খেলোয়াড়দের প্রশিক্ষণের বাইরে থাকা, খেলোয়াড়দের ভবিষ্যত বিবেচনা ও ইনজুরি প্রবণতা কমানোর কথা উল্লেখ করেছিল কিংস।









