ইস্তানবুলে হোসে মরিনহো অধ্যায় শেষ হলো আগেভাগে। ফেনারবাখে পর্তুগিজ কোচের সঙ্গে চুক্তি বাতিল করেছে। শুক্রবার তুর্কি ক্লাব এই কথা জানিয়েছে।
৬২ বছর বয়সী মরিনহো ২০২৪ সালের জুলাইয়ে এএস রোমা ছেড়ে ফেনারবাখের দায়িত্ব নেন। ২০১৪ সাল থেকে প্রথম তুর্কি সুপার লিগ শিরোপার খোঁজে থাকা ক্লাবটি সুবিধা করতে পারেনি তার সময়ে। তাই আগেভাগে পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করার কথা জানিয়েছে তারা। মূলত আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের টিকিট না পাওয়ায় তাকে বেরিয়ে যাওয়ার দরজা দেখালো ক্লাবটি।
সাবেক চেলসি, রিয়াল মাদ্রিদ ও ম্যানইউ কোচ গত মৌসুমের শুরুতে ইস্তানবুলে আসার পর হাজারো ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পান। গ্যালাতাসারেইর আধিপত্য শেষ করার আশা জেগেছিল তাদের মনে। কিন্তু সাফল্য ধরা দেয়নি। উত্থান পতনের মধ্যে দিয়ে ফেনারবাখে পার করেছে আগের মৌসুম। শেষ পর্যন্ত গ্যালাতাসারেইর পরে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে তারা।
সবশেষ বুধবার রাতে বেনফিকার কাছে চ্যাম্পিয়ন্স লিগ প্লেঅফ ১-০ গোলে হারার পর মরিনহোকে ছাঁটাই করলো ফেনারবাখ।









