পিছিয়ে পড়ে লা লিগায় মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তার পরও তাদের আক্ষেপ হয়তো অন্যখানে- বাতিল হয়েছে তিন গোল!
মৌসুমে প্রথমবার গোল করতে ব্যর্থ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে। অবশ্য ফরাসি তারকার গোল বাতিল হয়েছে দুটি। বাতিল হওয়া অপর গোলটি ছিল আর্দা গুলেরের। তাই বার্নাব্যুতে তাদের জিততে ঘাম ঝরাতে হয়েছে। ১৮ মিনিটে গোল করে রিয়াল মাদ্রিদকে স্তব্ধ করে দেন ভেদাত মুরিকি।
খেলার পঞ্চম মিনিটে জাল কাঁপিয়েছিলেন এমবাপ্পে। অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় তা। শেষ পর্যন্ত রিয়াল জালের দেখা পায় ৩৭ মিনিটে। দ্রুত নেওয়া কর্নার থেকে উড়ে আসা বলে হেড করেছিলেন ডিন হাউসেন। একই বল আবার গুলেরের মাথায় পড়লে জালে পাঠাতে কোনও ভুল করেননি তিনি। কয়েক সেকেন্ড বাদে স্কোর ২-১ করেন ভিনিসিয়ুস।
ঘটনাবহুল প্রথমার্ধ শেষে এমবাপ্পেকে আবারও হতাশ হতে হয় বিরতির পর। এবারও তার গোল বাতিল হয় অফসাইডে।
লস ব্লাঙ্কোদের একইভাগ্য বরণ করতে হয় ৫৫ মিনিটে। স্বাগতিক দল তখনও মনে করেছিল ব্যবধান হয়তো বাড়ানো গেছে। ফ্রাঙ্কো মাস্তানতুনোর শট শুরুতে সেভ করেছিলেন রোমান। সেই পরিস্থিতিতে ফিরতি বল পেয়ে জালে পাঠান গুলের। কিন্তু রেফারি হোসে মারিয়া সানচেজ মার্টিনেজ ভার রিভউর পর জানান, তুর্কি তারকা হ্যান্ডবল করায় বাতিল হয়েছে সেটা!
৬২ মিনিটে মায়োর্কাও আক্ষেপ করেছে গোল না হওয়ায়। তখন জালে বল পাঠালেও গোল লাইন থেকে সেটা ক্লিয়ার করে রিয়ালকে বাঁচিয়েছেন আলভারো কারেরাস।
এই জয়ে মৌসুমে এখনও শতভাগ ছন্দ ধরে রেখেছে রিয়াল। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে তারা।









