লা লিগায় মৌসুমে প্রথমবার পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে কাতালান জায়ান্টরা। যে ম্যাচে আবার আলোচনার জন্ম দিয়েছে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভার)!
৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে অগ্রগামিতা এনে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। তাকে পেনাল্টি এরিয়ায় ফেলে দিয়েছিলেন স্বাগতিক ডিফেন্ডার পেপ চাভারিয়া। অবশ্য শুরুর এই গোল নিয়েই হয়েছে বিতর্ক! কারণ তখন ফাউলটি রিভিউ করার জন্য ভারকে মোটেও কাজে লাগানো যায়নি। প্রযুক্তিগত সমস্যার কারণে রিভিউ করা যায়নি সেই সিদ্ধান্তও।
পরে দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে সমতায় ফেরায় স্বাগতিক রায়ো। কর্নার থেকে দারুণ ভলিতে জাল কাঁপান ফ্রান পেরেজ। জর্জ ডি ফ্রুটোসের সুযোগ ছিল রায়োকে এগিয়ে নেওয়ার। কিন্তু তার শট সেভ করে বার্সাকে রক্ষা করেন গোলকিপার হোয়ান গার্সিয়া।
শেষ দিকে বার্সার ভাগ্য ভালো ছিল বলতে হবে! অফসাইডের কারণে রায়োর একটি গোল বাতিল হওয়ার পর আরও একটি গোল হজম করা থেকে দলকে রক্ষা করেন গার্সিয়া। পুরো ম্যাচে ৬টি সেভ করেন তিনি। রক্ষণে দুর্দান্ত ভূমিকার জন্য ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ও ছিলেন গার্সিয়া। তাতে বোঝাই যাচ্ছে বার্সাকে হার থেকে রক্ষা করেছেন জুলাইয়ে এস্পানিওল থেকে ২৫ মিলিয়ন ইউরোতে যোগ দেওয়া এই গোলকিপার।
ম্যাচের পর গোলকিপারের প্রংশসায় পঞ্চমুখ ছিলেন কোচ হান্সি ফ্লিক, ‘আমরা আসলে একটি পয়েন্টের বেশি যোগ্য ছিলাম না। শেষ পর্যন্ত আমাদের বলতেই হবে আমাদের চমৎকার একজন গোলকিপার রয়েছে, কারণ আমরা আজ অনেক ভুল করেছি।’









