নেপালের দর্শকরা খুব করে চাইছিল হামজা চৌধুরীর খেলা দেখবেন। কিন্তু বাংলাদেশ দলে এবার হামজা নেই। লেস্টার সিটির হয়ে ব্যস্ত থাকায় খেলতে আসেননি। তবে হামজা ছাড়াও বাংলাদেশ যে শক্তিশালী দল, সেটা মানছেন নেপালের অস্ট্রেলিয়ার কোচ ম্যাট রস। শনিবার বাংলাদেশ সময় পৌনে ৬টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হতে যাচ্ছে।
নেপালের কোচ ম্যাট রস শুক্রবার সংবাদ সম্মেলনে নিজেদের প্রস্তুতি নিয়ে বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি আবেগী ও খুবই উচ্ছ্বসিত দর্শকের সামনে শারীরিকভাবে কঠিন এক খেলা হবে। আমার ছেলেরা মুখিয়ে আছে তার জন্য। আমরা এএফসির বাছাইয়ের প্রস্তুতি নিয়ে কথা বলছি, কিন্তু রেফারির বাঁশি বাজার পর কাল রাতে কেবল সেই ৯০ মিনিটেই মনোযোগ থাকবে আমাদের। আমরা জেতার জন্য মরিয়া হয়ে আছি।’
বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া যেমন নেপালের প্রশংসা করেছেন। তেমনি বাংলাদেশের প্রশংসা করেছেন নেপালের কোচ। হামজা ছাড়াও যে বাংলাদেশ ভালো দল, সেটা মানছেন অস্ট্রেলীয় কোচ, ‘আমাদের স্কোয়াডও দেখতে হবে আপনাকে। সুমিত, সানিত, আয়ুশ, বিমল, কৃতিশ এদের কাউকেই পাচ্ছি না। অবশ্যই তাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে। তবে ছেলেদের বলে আসছি ম্যাচের ফলাফলের ৯০ শতাংশ নির্ভর করছে আমাদের ওপর। হামজা থাকুক বা না থাকুক, বাংলাদেশ শক্তিশালী দল নিয়েই খেলবে। হামজার বিকল্প হিসেবে যে আছে, সেও উচ্চমানের পেশাদার খেলোয়াড়। তাই হামজার থাকা না থাকাটা আমাদের কাছে বড় কোনও সমস্যা নয়।’
অধিনায়ক কিরণ চেমজংয়ের কণ্ঠেও ফুটে উঠলো হামজার বিপরীতে খেলতে না পারার আক্ষেপ, ‘অবশ্যই তারা (বাংলাদেশ) খুব ভালো দল এবং ভালো প্রস্তুতি নিয়েছে। এই দলে আমরাও হামজাকে দেখতে চেয়েছিলাম। সত্যি বলতে নেপালে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরাও তাকে দেখার জন্য মুখিয়ে ছিল। এমন বড়মাপের একজন খেলোয়াড়কে আমাদের স্টেডিয়ামে খেলতে দেখলে ভালো লাগত। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বিপক্ষে সে খেলতে পারছে না। তবে যখনই আমরা একে অপরের মুখোমুখি হই, সবসময় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়। তাই বাংলাদেশ দল দশে ৫, ৮ কিংবা ৯ পাবে- এমন কিছু বলতে চাই না। তবে আমি সবসময় বাংলাদেশকে সম্মান করি। আমি নিশ্চিত দারুণ এক ম্যাচ হবে।’








