ব্যালন ডি’অরের পর এবার ফিফা থেকে বর্ষসেরা দ্য বেস্ট পুরস্কারও জিতেছেন প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও ফ্রান্স ফরোয়ার্ড উসমান দেম্বেলে। এদিকে, ২০১৫ এর পর ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার জিতলেন লুইস এনরিকে। ফিফার সদস্যভুক্ত দেশগুলোর জাতীয় দলের কোচ ও অধিনায়কের ভোটে নির্বাচিত হয়েছেন সবাই। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ও বাংলাদেশের কোচের ভোট দেম্বেলের বাক্সে পড়লেও জামালেরটা পড়েনি।
২৮ বছর বয়সী দেম্বেলে ২০২৪-২৫ মৌসুমে পিএসজিকে চারটি শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে বার্সেলোনার লামিনে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলেছেন। যেমনটা করেছিলেন ব্যালন ডি’অর জেতার সময়।
লিওনেল মেসি ভোট দিয়েছেন ওসমান দেম্বেলেকে। এরপরই কিলিয়ানো এমবাপ্পে ও লামিনে ইয়ামাল রয়েছে। কোচ হিসেবে যথাক্রমে আছেন লুইস এনরিকে, হ্যান্সি ফ্লিক ও মাইকেল আর্তেতা। সেরা গোলকিপার হিসেবে মেসির প্রথম পছন্দ দোনারুম্মাকে। এরপরই আছে এমিলিয়ানো মার্টিনেজ ও কোর্তোয়া।
বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়ার চোখে সেরা খেলোয়াড় ছিলেন ভিতিনহা। পিএসজির এই মিডফিল্ডারকে সেরা রেখে ভোট দেন তিনি। এরপরই ছিলেন দেম্বেলে ও ইয়ামাল।
বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা যদিও দেম্বেলেকেই শীর্ষে রেখে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ইয়ামালকে দ্বিতীয় ও ভিতিনহা ছিলেন এরপরই।
প্রতিটি দেশের কোচ ও অধিনায়কের পাশাপাশি একজন করে সাংবাদিকও ভোট দিয়েছেন। বাংলাদেশ থেকে ভোট দেওয়া চ্যানেল টোয়েন্টিফোরের ক্রীড়া সাংবাদিক রেজোয়ান উজ জামানের প্রথম পছন্দ ছিল দেম্বেলে, এরপরই ইয়ামাল ও সালাহ।









