বাংলাদেশ নারী ফুটবল লিগে আজ ছিল গোল আর হ্যাটট্রিকের ছড়াছড়ি। দিনের চারটি ম্যাচেই বড় জয় পেয়েছে ফেভারিট দলগুলো। বিশেষ করে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাবের ১৮ গোলের বিশাল জয় আর ফরাশগঞ্জ ও আনসারের আধিপত্য ছিল চোখে পড়ার মতো।
ফরাশগঞ্জের দাপুটে জয়
শনিবার (১০ জানুয়ারি) সিরাজ স্মৃতি সংসদের বিপক্ষে ৯-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ম্যাচে একাই ৪ গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শামসুন্নাহার জুনিয়র। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন অভিজ্ঞ মারিয়া মান্দা। এছাড়া একটি করে গোল করেন নেপালি রিক্রুট পুজা রানা এবং শামসুন্নাহার সিনিয়র। এই টানা তৃতীয় জয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও সুসংহত করল পুরনো ঢাকার ক্লাবটি।
আর্মি ফুটবল ক্লাবের গোল উৎসব
দিনের সবচেয়ে বড় জয়টি পেয়েছে বাংলাদেশ আর্মি ফুটবল ক্লাব। জামালপুর কাচারিপাড়া একাদশের জালে তারা গুনে গুনে ১৮ গোল দিয়েছে। এই গোল উৎসবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন উন্নতি খাতুন; তিনি একাই করেছেন ৬ গোল। সুলতানা করেন ৪ গোল এবং তনিমা বিশ্বাস করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। এছাড়া অর্পিতা বিশ্বাস দুটি এবং হালিমা একটি গোল করেন।
চ্যাম্পিয়ন নাসরিনকে হারালো আনসার
দিনের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে আনসার ও ভিডিপি। বর্তমান চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমিকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চমক দিয়েছে তারা। উমেহ্লা মারমা একাই ৫ গোল করে প্রতিপক্ষকে ম্যাচ থেকে ছিটকে দেন। আনসারের অন্য দুটি গোল করেন মামনি চাকমা ও সুইচিং মারমা। নাসরিনের পক্ষে একমাত্র সান্ত্বনাসূচক গোলটি আসে পপি রানীর পা থেকে।
সদ্য পুস্করনী ক্লাবের জয়
অন্য ম্যাচে ঢাকা রেঞ্জার্সকে ৭-০ গোলে হারিয়েছে সদ্য পুস্করনী ক্লাব। জান্নাতুল ফেরদৌস ঝিনুক ৪ গোল করে ম্যাচসেরা হয়েছেন। বাকি তিন গোল করেন শিলা আক্তার, অনন্যা খানম এবং সিনহা আয়াত।









