চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে জায়ান্ট দলগুলো। জিতেছে লিভারপুল, বার্সেলোনা ও নিউক্যাসল। অন্যদিকে, হ্যারি কেইনের জোড়া গোলে ইউনিয়ন সেন্ট-গিলোয়াজকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।
লিভারপুল সহজ জয়ে মাঠ ছেড়েছে। মার্শেইকে হারিয়েছে ৩-০ গোলে। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত রয়েছে লিভারপুল।
আফ্রিকা কাপ অব নেশনস খেলে ফেরা মোহাম্মদ সালাহ এদিন দলে ফিরলেও গোলের খাতায় নাম লেখাতে পারেননি। বরং প্রথমার্ধের শেষ মুহূর্তে দুর্দান্ত ফ্রি-কিকে গোলের সূচনা করেন ডমিনিক জোবোস্লাই।
৭২ মিনিটে আসে লিভারপুলের দ্বিতীয় গোল। জেরেমি ফ্রিমপংয়ের পাঠানো বল গোলরক্ষক জেরোনিমো রুল্লির গায়ে লেগে জালে জড়ায়। ম্যাচের শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা কোডি গাকপো তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন।
এই জয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল। আগামী সপ্তাহে কারাবাগকে হারাতে পারলে শেষ ষোলো নিশ্চিত হবে তাদের। বায়ার্ন মিউনিখ অবশ্য এক ম্যাচ হাতে রেখেই শীর্ষ আটে থাকা নিশ্চিত করেছে।
বার্সেলোনা পিছিয়ে পড়েও স্লাভিয়া প্রাগকে ৪-২ গোলে হারিয়েছে। ফেরমিন লোপেজ দুটি গোল করেছেন। স্কোরশিটে নাম তুলেছেন দানি ওলমো, রবের্ত লেভানডোভস্কিও।
অন্য ম্যাচে সেন্ট জেমস পার্কে পিএসভিকে ৩-০ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। আর স্ট্যামফোর্ড ব্রিজে সাইপ্রাসের ক্লাব পাফোসকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। গ্যালাতাসারাইয়ের মাঠে আবার ১-১ ড্র করেছে অ্যাতলেতিকো মাদ্রিদ।








