‘দেশের প্রয়োজনে ডাকলে অস্ট্রেলিয়াতেও খেলবো’

তানজীম আহমেদ
২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫৩

২০২২ থেকে ২০২৬- চার বছরে তিনটি শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিনিয়র বিভাগে দুটি সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ, আরেকটি সর্বশেষ ফুটসাল চ্যাম্পিয়নশিপ। তিন শিরোপা জয়ের পথেই অধিনায়কত্ব করেছেন সাবিনা খাতুন। 

মাঠে নেতৃত্ব, ড্রেসিংরুমে ভরসা, দলের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি—সব মিলিয়ে সাবিনাই ছিলেন এই সাফল্যযাত্রার কাণ্ডারি। অথচ সাফল্যের আলোয় ঢাকা গল্পটার উল্টো পিঠে জমে আছে চাপা কষ্ট। বাংলাদেশ যখন আসন্ন এশিয়ান কাপে খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে, তখন দলের সবচেয়ে সফল অধিনায়কের নাম নেই সেই তালিকায়।

সাবিনাসহ বাংলাদেশ নারী ফুটবলের সাফল্যযাত্রার সঙ্গী সিনিয়রদের অনেকেরই একই ভাগ্য বরণ করতে হচ্ছে। সাবিনা যদিও সরাসরি আক্ষেপের কথা মুখ ফুটে জানাননি। এখনও মনে করেন, দেশের প্রয়োজনে ডাকলে অস্ট্রেলিয়া খেলতে প্রস্তুত আছেন তিনি। তার কাছে দেশ সবার আগে।

ব্যাংককে শিরোপা জিতে সাবিনা-মাশুরারা সেখানে ঘুরে বেড়াচ্ছেন। ফুরফুরে মেজাজে যে রয়েছেন, তা বলার অপেক্ষা রাখে না। দেশে ফিরবেন ২৯ জানুয়ারি। তার আগে সেখান থেকে সাবিনা ব্যাংকক থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘টানা তিনটি শিরোপা এসেছে আমার অধিনায়কত্বে। এটা তো অনেক ভালো লাগার বিষয়। তবে আমি মনে করি, সবার অবদানে সাফল্য এসেছে। এখানে আমার ক্রেডিট নেই।’

ফুটসাল দলে সাবিনা-কৃষ্ণা-মাশুরাসহ আরও কয়েকজন আছেন যারা অভিজ্ঞ খেলোয়াড়। বাকিরা নতুন। তাদের ফুটবলেও সেভাবে অভিজ্ঞতা নেই। সবাইকে এক কাতারে আনার পেছনে সাবিনার অবদান কম নয়। কীভাবে দলকে এক তাল-লয়ে খেলালেন? এমন প্রশ্নের উত্তরে সাবিনা জানালেন,‘দেখুন, এখানে যারা খেলেছে তারা সবাই মেধাবি। আমার কাজ ছিল সবাইকে ঠিকমতো দিক-নির্দেশনা দেওয়া, একই ছায়াতলে নিয়ে এসে খেলানো। আমি চেষ্টা করেছি। বাকি তো সব ইতিহাস। আর নতুন পুরোনো যাই হোক না কেন, এটা আমার স্বভাবসুলভ কাজ। সবাই নিজেদের সেরাটা দিয়েছে। দেশের জন্য খেলেছে।’

২০২৪ সালে সাফ জেতার পর কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্ব বেড়েছে। বিদ্রোহ করার কারণে আজও জাতীয় দলের বাইরে সাবিনা। এ নিয়ে চাপান-উতোর কম হয়নি। কঠিন সময় পার করতে হয়েছে তাকে। থাকতে হয়েছে খেলার বাইরেও। অনেক সময় অনুশীলনও হয়নি। হঠাৎ ফুটসালে এসে নতুন করে জীবন পেয়েছেন। সাবিনা বলছিলেন,‘কঠিন সময় গেছে ঠিক আছে। তবে আমি আমার মতো করে সময় পার করেছি। নিজেকে ফিট রাখার চেষ্টা করেছি। জানি কঠিন সময় আসবে, সেভাবেই নিজেকে গড়ে তুলেছি। কোনও প্রভাব পড়তে দেইনি। একজন পেশাদার খেলোয়াড় যাই করে থাকে, সেভাবে থাকার চেষ্টা করেছি।’

কোচ পিটার বাটলারকে নিয়ে সাবিনার কথা,‘এ নিয়ে নতুন করে কিছু বলতে চাই না। আমি চাই না নতুন করে কোনও বিতর্ক হোক। উনি উনার মতো কাজ করছেন।’

এশিয়ান কাপে অস্ট্রেলিয়ায় খেলবে বাংলাদেশ দল। সাবিনার খেলতে না পারার কোনও আক্ষেপ আছে কিনা- এমন প্রশ্নের জবাবে বললেন,‘দেখুন, আমার কাজ হলো খেলা। ক্যারিয়ারে বেশিরভাগ সময় ফুটবল খেলছি। এখন দেশের প্রয়োজনে ডাকলে অস্ট্রেলিয়াতেও খেলবো। যদি সেখানে অবদান রাখার সুযোগ থাকে, তাহলে কেন খেলবো না।’

এই মাসের শেষ দিকে এসে জাতীয় নারী ফুটবল দলের অনুশীলন শুরু হতে যাচ্ছে। সেখানে পিটার বাটলারের দলে ‘বাতিল হয়ে যাওয়া’ সাবিনা-মাসুরাদের নতুন করে অন্তর্ভুক্তি নিয়ে জোরালো দাবি উঠেছে। তবে যতদূর জানা গেছে, বাফুফে থেকে অনুরোধ গেলেও একগুঁয়ে বাটলার নিজের সিদ্ধান্তে এখনও অটল!

 

/এফআইআর/
সম্পর্কিত
‘ফেডারেশনে চেষ্টা করেও পারিনি, তাই বিকেএসপিতে যোগ দিয়েছি’
উজবেকিস্তানের কাছে হারলো বাংলাদেশ 
এশিয়ান গেমসে পদক জয়ের সম্ভাবনা নেই ঋতুপর্ণাদের, তাহলে লক্ষ্য কী?
সর্বশেষ খবর
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
নতুন পে-স্কেল হলো, এবার কি দুর্নীতি কমবে?
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
একদিনে হামের উপসর্গে ৬, ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
ডেমরায় বিএনপি নেতার বাড়িতে গুলি: সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেফতার
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
শেখ হাসিনা রাজনীতিতে লাশের সংস্কৃতি চালু করেছিলেন: রিজভী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত