৩ জানুয়ারি বাংলাদেশ ফুটবল লিগে প্রথম পর্ব শেষ হয়েছে। বিরতির পর দেড় মাস হয়েছে এখনও ফিরতি পর্বের খেলা কবে কেউ জানে না! শুরুতে তারিখ দেওয়া হয়েছিল। তবে জাতীয় নির্বাচনের কারণে সেটাাও স্থগিত হয়ে গেছে। দিন কয়েক হলো নির্বাচন শেষ হয়েছে। এখনও ক্লাবগুলো জানতে পারেনি খেলা ফের কবে শুরু হবে! এমনিতে আগে থেকে অনুশীলন করে আসছে আবাহনী লিমিটেড ও ফর্টিস এফসি। এ দুটি দলের জন্য নির্দিষ্ট তারিখ ছাড়া দীর্ঘ অনুশীলন করাও কঠিন হয়ে পড়েছে।
ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলাম যেমন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা অনেক আগে থেকে অনুশীলন শুরু করেছি। কিন্তু এখন পর্যন্ত ফিরতি লিগ কবে শুরু হবে জানি না। মুখে মুখে আগে একটা তারিখ দেওয়া হয়েছিল। সেটার কোনও ভিত্তি পাচ্ছি না। আসলে এভাবে চললে খেলোয়াড়দের মধ্যে একধরনের হতাশা চলে আসে।’
ব্রাদার্স ইউনিয়নে খেলা জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও লিগে বিরতি প্রসঙ্গে আগের দিন বলেছিলেন, ‘ছুটি ভালো, কিন্তু বেশি ছুটি থাকলে ভালো লাগে না টু বি অনেস্ট।’
খেলা শুরু নিয়ে পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসানকে ফোনে পাওয়া যায়নি। অনবরত রিং বাজলেও রিসিভ করেননি। কো চেয়ারম্যান জাকির হোসেনও ফোন ধরেননি। তবে লিগ কমিটির এক সদস্য সেলিম সাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘দেশের ঘরোয়া লিগের অন্যতম প্রধান আসর বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) নিয়ে সমর্থক, ক্লাব ও খেলোয়াড়দের আগ্রহ আমরা সম্মানের সঙ্গেই দেখছি। কিছু প্রশাসনিক ও সমন্বয় সংক্রান্ত বিষয় চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে। নিরাপত্তা, সূচি এবং সংশ্লিষ্ট সব পক্ষের প্রস্তুতি নিশ্চিত করেই দ্বিতীয় পর্ব শুরু করা হবে।’
এরপরই আশার কথা শুনিয়ে বলেছেন, ‘আমরা প্রত্যাশা করছি, সবকিছু চূড়ান্ত করে কোনও অযাচিত সমস্যা তৈরি না হলে, আগামী সপ্তাহ থেকেই শীর্ষ লিগের দ্বিতীয় পর্ব মাঠে গড়াবে। খেলাটা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে শুরু হয়, সে বিষয়েই গুরুত্ব দেওয়া হচ্ছে। সবাইকে আর একটু ধৈর্য ধরার অনুরোধ রইলো।’








