৩৯ বছর বয়সে মাঠ মাতিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে সবশেষ ম্যাচে পেয়েছেন গোল। এ নিয়ে ক্যারিয়ারে গোল সংখ্যা ৯০১ এ দাঁড়িয়েছে। সামনেই রয়েছে বিশ্বকাপ ফুটবল। ধরে নেওয়া হচ্ছে— সবকিছু ঠিক থাকলে শিরোপা ধরে রাখার মিশনে দেখা যাবে আর্জেন্টিনার অধিনায়ক কে। তবে তার আগে মেসির ফিটনেস নিয়ে চিন্তা। যদিও মায়ামির কোচ মাসচেরানো তাকে বারতি বিশ্রাম দিতে ইচ্ছুক নন। বরং মাঠে থাকলেই মেসির শরীর বেশি ভালো থাকে বলে সাবেক আর্জেন্টাইন সতীর্থর বিশ্বাস।
আগামী ১১ জুন জুন তিন দেশে শুরু হবে এবারের বিশ্বকাপ। শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ খেলছে। আগামী শুক্রবার মৌরিতানিয়া বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা, ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া।
এই ম্যাচ দুটিতে খেলবেন মেসি। মেসির বিশ্বকাপে ফিট থাকা নিয়ে মায়ামির কোচ বলেছেন, ‘‘আমরা তাকে যতটা সম্ভব আগলে রাখার চেষ্টা করি। আমরা জানি যে, সে এমন একজন খেলোয়াড় যে মাঠের খেলায় থাকলেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং এটি তার শরীরের ওপর কী প্রভাব ফেলে সে সম্পর্কেও আমরা সচেতন।’’
এরপরই যোগ করেন, ‘‘এই মুহূর্তে সে জাতীয় দলে যোগ দিতে যাচ্ছে। ফিরে আসার পর, আমরা প্রতিদিন তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করব। স্পষ্টতই, আমাদের লক্ষ্য অর্জনে সে আমাদের জন্য একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সত্যি বলতে, তাকে ছাড়া আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো অসম্ভব।’’









