প্রথমার্ধে কোনও গোল হয়নি। দর্শকরাও ছিল বিরক্ত। বিরতির পর ইতালিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। দাপট দেখিয়ে ২-০ গোলে নর্দান আয়ারল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখলো চারবারের সাবেক চ্যাম্পিয়নরা।
বাছাইপর্বের প্লে অফ সেমি-ফাইনাল ম্যাচে ঘরের মাঠে গোল পেয়েছেন টোনালি ও কিন। চূড়ান্ত পর্বের টিকিটের জন্য মঙ্গলবার (৩১ মার্চ) প্লে অফ ফাইনালে ওয়েলস অথবা বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হবে ইতালি।
ম্যাচে চিরচেনা পরিবেশে প্রথমার্ধে বল দখলে আধিপত্য করলেও গোল করার মতো আক্রমণ কিংবা আইরিশ গোলকিপারের খুব একটা পরীক্ষা নিতে পারেনি ইতালি। তবে স্বাগতিকদের দুটি শট অনায়াসে আটকে দিয়ে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন গোলকিপার।
বিরতির পর জ্বলে উঠে টানা দুবার বিশ্বকাপে না উঠতে পারা দলটি।
প্রতিপক্ষের ভুলে ৫৩ মিনিটে দারুণ এক সুযোগ পান ইতালির স্ট্রাইকার মাতেও রেতেগি। কিন্তু বক্সের বাইরে বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি তিনি। একটু পর কিনের শট ফিরিয়ে দেন গোলকিপার।
পরের মিনিটেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় ইতালি। ডান দিক থেকে মাত্তেও পলিতানোর ক্রস বক্সে হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি আয়ারল্যান্ডের এক ডিফেন্ডার। বক্সের সামনে থেকে বুলেট গতির হাফ ভলিতে ঠিকানা খুঁজে নেন টোনালি।
৮০ মিনিটে দলের দ্বিতীয় গোলেও অবদান রাখেন টোনালি। তার ক্রস বক্সে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে বাঁ পায়ে শট নেন কিন, বল পোস্টে লেগে জালে জড়ায়।
ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে প্লে অফের আরেক ম্যাচে আলবেনিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ ধাপে পৌঁছে গেছে রবের্ত লেভানদোভস্কির পোল্যান্ড। ফাইনালে পোলিশরা খেলবে সুইডেনের বিপক্ষে, যারা ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেইনকে।
স্লোভাকিয়াকে ৪-৩ গোলে হারিয়েছে কসোভো। ফাইনালে তাদের প্রতিপক্ষ তুরস্ক।
নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে হারানো ডেনমার্ক ফাইনালে খেলবে চেক রিপাবলিক অথবা রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে।








