বাংলাদেশ ফুটবল লিগে পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা বসুন্ধরা কিংস। তাদের ১-১ গোলে রুখে দিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা ফর্টিস এফসিও। বসুন্ধরা কিংস অ্যারেনায় টেবিলের তলানির দল আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। বিপরীতে পুলিশ এফসিকে হারিয়ে দুই নম্বরে উঠে এসেছে ঢাকা আবাহনী। তারা জিতেছে ৩-১ গোলে।
শুক্রবার মুন্সীগঞ্জের ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৩ মিনিটে কিংসকে এগিয়ে দিয়েছিলেন শাহরিয়ার ইমন। রহমতগঞ্জকে ৪২ মিনিটে ম্যাচে ফেরান আর্নেস্ট বোয়াটেং। দ্বিতীয়ার্ধে দুই দলই একটি করে লাল কার্ড দেখেছে।
দুই লাল কার্ডের ঘটনা ঘটে আবাহনী-পুলিশের ম্যাচেও। ময়মনসিংহে আবাহনী এগিয়ে যায় ৩৩ মিনিটে। সুলেমানে দিয়াবাতের ক্রসে লক্ষ্যভেদ করেন এমেকা ওগবাহ। প্রথমার্ধের যোগ করা সময়ে বক্সে অরক্ষিত এমএস বাবলু ঠাণ্ডা মাথার শটে পুলিশের হয়ে স্কোর ১-১ করেন। দ্বিতীয়ার্ধে তাদের চেপে ধরে আবাহনী। ৫৮ মিনিটে মোরসালিনের শট কোনোমতে গোলকিপার ফিরিয়ে দেওয়ার পর গোলমুখে আল আমিন আলগা বল অনায়াসে জালে জড়ান। একটু পর নিরবের লাল কার্ডে পুলিশের শক্তি কমে।
৭৮ মিনিটে দিয়াবাতের শট ব্লকড হওয়ার পর বল চলে যায় মোরসালিনের পায়ে। দেখে-শুনে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। শেষ দিকে অবশ্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ মোরসালিন।
লিগের ১৩ রাউন্ড শেষে শীর্ষস্থানে বসুন্ধরা কিংস। ৮ জয়, ৪ ড্র এবং এক হারে ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৮। ফর্টিসের সমান ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে আবাহনী। গোলগড়ে আবাহনীর চেয়ে পিছিয়ে থাকায় তিনে ফর্টিস। চারে থাকা রহমতগঞ্জের সংগ্রহ ১৯ পয়েন্ট।
অন্যদিকে, কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফকিরেরপুলকে ৩-০ গোলে হারিয়েছে মোহামেডান। টেবিলে তারা অবস্থান করছে ৬ নম্বরে।









