২০২২ কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখিয়েছিল সৌদি আরব। ২২ নভেম্বর লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের সমর্থকদের সে কী আনন্দ মাঠে ও মাঠের বাইরে। সেই দলের কোচ হার্ভে রেনার্ডকে এবার আরও একটি বিশ্বকাপের আগে বরখাস্ত হতে হয়েছে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে সৌদি। তবে এই মহাযজ্ঞ শুরু হওয়ার ৫৫ দিন আগেই চাকরি হারালেন রেনার্ড। রেনার্ডকে আনুষ্ঠানিকভাবে বহিস্কার করেছে সৌদি আরব ফুটবল ফেডারেশন।
গত মার্চে আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে সৌদি আরবের হতাশাজনক পারফরম্যান্সের জেরেই রেনার্ডকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে ৪-০ এবং সার্বিয়ার কাছে ২-১ গোলে হারে দলটি।
রেনার্ডের জায়গায় এখন প্রিমিয়ার লিগের সাবেক তারকা এবং বর্তমানে আল-খালিজের কোচ জর্জিওস দনিসকে নেওয়া হতে পারে।
নিজের বিদায় প্রসঙ্গে ৫৫ বছর বয়সী ফরাসী কোচ রেনার্ড বলেছেন, এটাই ফুটবল। সৌদি আরব এ পর্যন্ত সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে দুবারই ছিল আমার অধীনে। আমিই একমাত্র কোচ যে বাছাইপর্ব এবং মূল বিশ্বকাপে তাদের নেতৃত্ব দিয়েছি (২০২২ সালে)। অন্তত এই গর্বটুকু আমার সঙ্গে থাকবে।
২০২৬ বিশ্বকাপে সৌদি আরব গ্রুপ ‘এইচ’ এ খেলবে। তাদের প্রতিপক্ষ হিসেবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে এবং প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া কেপ ভার্দে। সৌদির গ্রুপ পর্বের সবকটি ম্যাচ যুক্তরাষ্ট্রে হবে।








