যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে আর রেফারিং করতে পারছেন না সোমালিয়ার রেফারি ওমর আরতান। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না তিনি। ফিফা তার জন্য নির্ধারিত বিশ্বকাপ ম্যাচগুলোর পারিশ্রমিক পরিশোধ করবে বলে জানিয়েছে ইএসপিএন।
আফ্রিকার অন্যতম সেরা রেফারি হিসেবে স্বীকৃত সোমালিয়ার ওমর আরতানকে গত সপ্তাহে মায়ামিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে তাকে ফেরত পাঠানো হলে তিনি সোমালিয়ায় ফিরে যান। এ ঘটনায় আরতানের পক্ষে ফিফার হস্তক্ষেপ ব্যর্থ হওয়া নিয়েও সমালোচনা ওঠে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য আরতান তার প্রাপ্য পারিশ্রমিক পুরোপুরি পাবেন। যদিও তিনি কতগুলো ম্যাচ পরিচালনার দায়িত্ব পেতেন, তা নিশ্চিত না হওয়ায় সুনির্দিষ্ট অর্থের পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।
বিশ্বকাপ থেকে আরতানের বাদ পড়ার পর তাকে নতুন দায়িত্ব দেওয়ার উদ্যোগ নেয় উয়েফা। আগামী আগস্টে অস্ট্রিয়ার সলজবুর্গে অনুষ্ঠিতব্য উয়েফা সুপার কাপ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তিনি।








