বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিয়েই কাতারের আসর শেষ করেছিল ব্রাজিল। তবে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই কুরসাওর বিপক্ষে ৭ গোল করেই লাতিনের দলটিকে পেছনে ফেলে জার্মানি। কিন্তু সেলেসাওরা ছেড়ে কথা বলার দল নয়। জার্মানিকে শীর্ষ স্থান থেকে সরাতে মাত্র এক ম্যাচ সময় নিয়েছে।
হাইতির বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানের জয় তুলে নিয়ে ব্রাজিল শুধু স্বস্তির নিশ্বাসই ফেলছে না, বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা দল হিসেবে নিজের এক নম্বর অবস্থানে ফিরেছে দলটি।
সব বিশ্বকাপে অংশ নিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন পর্যন্ত ২৪১ গোল করে প্রথম স্থানে রয়েছে। এই তালিকার দ্বিতীয় স্থানে আছে জার্মানি। তাদের গোল সংখ্যা ২৩৯।
তবে কাতার বিশ্বকাপে ২৩৭ গোল নিয়ে প্রথমে থেকেই শেষ করেছিল লাতিন পরাশক্তি। কিন্তু ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচেই কুরসাওর বিপক্ষে ৭ গোল করে এগিয়ে যায় জার্মানি। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচ শেষে জার্মানির মোট গোল দাঁড়ায় ২৩৯, কাতার বিশ্বকাপ শেষে যা ছিল ২৩২। আর মরোক্কোর বিপক্ষে ম্যাচ শেষে ব্রাজিলের গোল সংখ্যা দাঁড়ায় ২৩৮। কিন্তু হাইতির বিপক্ষে ৩ গোল করেই জার্মানিকে পেছনে ফেলে সেলেসাওরা।
বিশ্বকাপে সর্বোচ্চ গোল করার তালিকায় তৃতীয় স্থানটি তিনবারের বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার দখলে। তবে দলটি ব্রাজিল ও জার্মানির চেয়ে অনেক পিছিয়ে। আলবিসেলেস্তেদের গোল সংখ্যা ১৫৫। ১৪০ গোল নিয়ে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। আর ১২৮ গোল নিয়ে পঞ্চম স্থানে আছে এবারের বিশ্বকাপে চান্স না পাওয়া চারবারের শিরোপা জয়ী ইতালি।








