উত্তর আমেরিকা বিশ্বকাপে হিউস্টন স্টেডিয়ামে উজবেকিস্তানকে অনায়াসে ৫-০ গোলে বিধস্ত করেছে পর্তুগাল। জোড়া গোল করে সমালোচনার জবাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি বিশ্বকাপে গোলের কীর্তি গড়ার পর দশম গোলে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন।
ম্যাচ শেষে নিজের আবেগ লুকাতে পারেননি রোনালদো, ‘আমি খুবই আনন্দিত। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পরিশ্রম এবং আমরা যে আত্মবিশ্বাস দেখিয়েছি সেটা।’
তিনি আরও বলেন, ‘দল সত্যিই খুব ভালো খেলেছে এবং অনেক উন্নতি করেছে। যেমনটা কথায় বলে— প্রত্যেক মেঘের আড়ালে রুপালি রেখা থাকে।’ যে প্রবাদের অর্থ প্রতিটি অন্ধকার পেছনেই একটি আশার আলো লুকিয়ে থাকে। আশাবাদী রোনালদো আরও যোগ করেন, ‘ব্যক্তিগতভাবে বলতে গেলে, রেকর্ড গড়তে সবসময়ই ভালো লাগে। তবে আমার মূল লক্ষ্য সবসময় জাতীয় দলের জয়ে অবদান রাখা বা সাহায্য করা।’
ম্যাচ শেষ হতেই এক্স-এ রোনালদোর পোস্ট, ‘আমরা ফর্মে ফিরে এসেছি। টুর্নামেন্টে টিকে আছি।’
মানসিক চাপ ও কঠিন পরিস্থিতি নিয়ে রোনালদো অকপটে স্বীকার করেন, ‘এটি একটি কঠিন সপ্তাহ ছিল, একটি অন্ধকার সপ্তাহ। মনে হচ্ছিল যেন আমি ইতিমধ্যেই ফুটবল থেকে অবসর নিয়ে ফেলেছি; কিন্তু বরাবরের মতোই আমি হাল ছাড়িনি, কারণ আমি কঠোর পরিশ্রমে বিশ্বাস করি। এটা বেশ কঠিন ছিল, আমাকে তা স্বীকার করতেই হবে, তবে আমরা ফিরে এসেছি।’
পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস আজকের ম্যাচের ফলাফলে ‘খুবই সন্তুষ্ট’। জয়ের পর পর্তুগালের এই ম্যানেজার বলেন, ‘ড্রেসিংরুমে আমরা ঠিক এই প্রতিক্রিয়াটাই আশা করেছিলাম।’
তিনি আরও যোগ করেন, ‘টুর্নামেন্টে নিজেদের উত্তরোত্তর উন্নতির জন্য কখনো কখনো প্রথম ম্যাচের মতো একটি ম্যাচের মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। আজ আমরা ঠিক একই মানসিকতা ও প্রতিজ্ঞাবদ্ধ একটি দলকে মাঠে দেখেছি, তবে আজ তাদের মাঝে পরিপক্বতা ছিল অনেক বেশি, কারণ এটি আর উদ্বোধনী ম্যাচ ছিল না।’








