বিশ্বকাপ-২০২৬ এর গ্রুপ এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ ও আই-এর তিন ম্যাচ করে শেষ হয়েছে। অর্থাৎ এই ৯ গ্রুপ থেকে কারা দ্বিতীয় রাউন্ডে যাচ্ছে ও কারা বাদ পড়ছে তা অনেকটা নিশ্চিত। এই ৯ গ্রুপ থেকে রাউন্ড অব ৩২-এ যাওয়া দলগুলোর সঙ্গে কার খেলা পড়ছে সেটি দেখে নেওয়া যাক।
গ্রুপ-এ থেকে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা; গ্রুপ-বি থেকে সুইজারল্যান্ড, কানাডা; গ্রুপ-সি থেকে ব্রাজিল, মরোক্কো; গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া; গ্রুপ ই থেকে জার্মানি, আইভরি কোস্ট; গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস, জাপান; গ্রুপ জি থেকে বেলজিয়াম, মিসর; গ্রুপ এইচ থেকে স্পেন, কেপ ভার্দে ও গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। আর এই গ্রুপগুলো থেকে তিন নম্বরে থাকা কয়েকটি দলও ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। অপেক্ষায় আছে আরও কয়েকটি দল। সেক্ষেত্রে বাকি তিন গ্রুপ জে, কে ও এল গ্রুপের শেষ ম্যাচ হলে হিসাব নিকাশে তৃতীয়স্থানে থাকা সেরা আটটি দল দ্বিতীয় রাউন্ডে যাবে।
কে কার মুখোমুখি হচ্ছে
আগামী ২৯ জুন গ্রুপ এ থেকে দ্বিতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা লড়বে গ্রুপ বি-এর দ্বিতীয় দল কানাডার। একই দিন গ্রুপ সি-এর চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে গ্রুপ এফ-এর রানার্সআপ জাপানের।
৩০ জুন রাতে গ্রুপ ই-এর সেরা দল জার্মানি মুখোমুখি হবে প্যারাগুয়ের। একই দিন গ্রুপ এফ সেরা নেদারল্যান্ডস মুখোমুখি হবে গ্রুপ সি-এর রানার্সআপ মরোক্কোর। গ্রুপ ই-এর দ্বিতীয় সেরা দল আইভরি কোস্ট নামবে আই গ্রুপের দ্বিতীয় দল নরওয়ের বিরুদ্ধে।
আগামী ১ জুলাই গ্রুপ আই চ্যাম্পিয়ন ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। গ্রুপ এ-এর সেরা দল মেক্সিকো লড়বে গ্রুপ সি, ই, এফ, এইচ ও আই থেকে তৃতীয় হওয়া একটি দলের।
২ জুলাই গ্রুপ জি চ্যাম্পিয়ন বেলজিয়াম এ, ই, এইচ, আই ও জে থেকে তৃতীয় হওয়া একটি দলের মুখোমুখি হবে। গ্রুপ ডি চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে গ্রুপ বি থেকে তৃতীয় হয়ে কোয়ালিফাই করা বসনিয়ার।
৩ জুলাই গ্রুপ এইচ থেকে চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে গ্রুপ জে থেকে দ্বিতীয় হওয়া দলের। এক্ষেত্রে অস্ট্রিয়া বা আলজেরিয়া তাদের প্রতিপক্ষ হবে। গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন হওয়া সুইজারল্যান্ড লড়বে ই, এফ, জি, আই ও জে গ্রুপ থেকে তৃতীয় হওয়া যেকোনও একটি দলের।
গ্রুপ ডি থেকে দ্বিতীয় হওয়া অস্ট্রেলিয়া আগামী ৪ জুলাই মুখোমুখি হবে জি গ্রুপের দ্বিতীয় দল মিসরের। একই রাতে আর্জেন্টিনা মুখোমুখি হবে এবারের বিশ্বকাপে নতুন আসা কেপ ভার্দের।









