ফিফা বিশ্বকাপ ২০২৬-এর রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হয়েছে জার্মানি ও প্যারাগুয়ে। সোমবার (স্থানীয় সময়) বোস্টন স্টেডিয়ামে শুরু হয়েছে দুই দলের নকআউট লড়াই। জিতলেই পরের ধাপে, হারলেই বিদায়—এমন সমীকরণ নিয়েই মাঠে নেমেছে দুই দল।
গ্রুপ পর্বে দুই জয় ও এক হার নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে উঠেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। যদিও শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরেছিল তারা, তবে প্রথম দুই ম্যাচে কুরাসাও ও আইভরি কোস্টকে হারিয়ে গ্রুপসেরা হওয়ার ভিত্তি গড়ে নেয়।
অন্যদিকে ‘ডি’ গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। তাই জার্মানিকে চমকে দিয়ে শেষ ষোলোতে (রাউন্ড অব ১৬) জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে দক্ষিণ আমেরিকার দলটি।
নকআউট পর্ব হওয়ায় এই ম্যাচে ড্রয়ের সুযোগ নেই। নির্ধারিত ৯০ মিনিটে সমতা থাকলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও নিষ্পত্তি না হলে টাইব্রেকারে নির্ধারিত হবে জয়ী দল।
এই ম্যাচের বিজয়ী দল রাউন্ড অব ১৬-এ মুখোমুখি হবে ফ্রান্স ও সুইডেন ম্যাচের জয়ী দলের।









