উত্তর আমেরিকা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে ভিন্ন ধরনের এক প্রশ্নের মুখোমুখি হতে হলো আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিকে।
মায়ামিতে সংবাদ সম্মেলনের শেষ দিকে তাকে প্রশ্ন করা হয়, ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে?
জবাবে স্কালোনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এ ধরনের গুজবে খুব বেশি মনোযোগ দেওয়া উচিত নয়। এসব বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কারণ দল জিতলেই অনেকেই এমন অভিযোগ তোলে।’
সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কোনও কার্ড না দেখানোকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়। পরে আলজেরিয়া বিষয়টি নিয়ে ফিফার কাছে অভিযোগও করে। সেই ঘটনার পর থেকেই আর্জেন্টিনাকে নিয়ে ‘বিশেষ সুবিধা’ পাওয়ার আলোচনা আরও জোরালো হয়েছে।








