বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে লিওনেল মেসির মুখোমুখি হওয়ার সুযোগকে ‘জীবনে একবারই আসা মুহূর্ত’ হিসেবে দেখছেন ইংল্যান্ডের লেফট-ব্যাক নিকো ও'রাইলি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বিপক্ষে খেলার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন তিনি।
শনিবার মিয়ামিতে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় টমাস টুখেলের ইংল্যান্ড। সেমিফাইনালে আটলান্টায় তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, যারা সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে।
৩৯ বছর বয়সী মেসির বিপক্ষে এই প্রথম খেলতে যাচ্ছেন ও'রাইলি। ক্লাব ফুটবলেও কখনও আর্জেন্টাইন অধিনায়কের মুখোমুখি হননি ম্যানচেস্টার সিটির এই ডিফেন্ডার।
লেফট-ব্যাকে খেললে ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে মেসিকে সামলানোর দায়িত্বও পড়তে পারে তার কাঁধে। বিবিসি রেডিও ৫ লাইভকে ও'রাইলি বলেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। এটা জীবনে একবারই পাওয়ার মতো সুযোগ। তিনি ক্যারিয়ারের শেষ প্রান্তে। আমার মতে, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় তিনি। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।’
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক দিয়ে বিশ্বকাপ শুরু করেছিলেন মেসি। সেই ম্যাচেই তিনি বিশ্বকাপে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন।
এরপর আরও পাঁচ গোল করে রেকর্ডটি নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন আট। গোল্ডেন বুটের দৌড়ে তিনি ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১।
তবে শুধু মেসিকে নিয়েই ভাবলে চলবে না বলে মনে করেন ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ড।
সোমবার কানসাসে দলের অনুশীলন ক্যাম্পে তিনি বলেন, ‘ছোটবেলা থেকে যার খেলা দেখে বড় হয়েছি, অবশেষে তার মুখোমুখি হতে পারাটা দারুণ ব্যাপার। তিনি ক্যারিয়াজুড়ে অসংখ্য গোল করেছেন, দলকে অনেক কিছু দিয়েছেন।’
পিকফোর্ড যোগ করেন, ‘আমরা সবাই জানি মেসি কতটা দুর্দান্ত। তবে আর্জেন্টিনাও দল হিসেবে খুব শক্তিশালী। শুধু মেসিকে আটকানোর পরিকল্পনা করলেই হবে না। তাদের অন্য শক্তির দিকেও নজর দিতে হবে, একই সঙ্গে দুর্বলতাগুলো কাজে লাগানোর চেষ্টা করতে হবে।’









