গোল্ডেন বুটের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি।
চলতি টুর্নামেন্টে মেসি ও এমবাপ্পে দুজনেই সমান আটটি করে গোল করে যৌথভাবে শীর্ষে আছেন। তবে ৩ অ্যাসিস্ট করে এগিয়ে এমবাপ্পে। মেসির অ্যাস্টিস্ট দুটি। মেসি এক গোল করলেই পেছনে ফেলবেন এমবাপ্পেকে। গোল না পেলেও অ্যাসিস্ট করলে সমান সমান হবে।
এ ছাড়া বিশ্বকাপে মোট ২১টি গোল করে বিশ্বমঞ্চের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এখন মেসি।
আটলান্টায় এই জাদুকরকে আটকানোই এখন ইংল্যান্ডের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
মেসি সম্পর্কে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল বলেন এই টুর্নামেন্টে ওর অভিযান, যেভাবে ও পুরো দলটাকে টেনে নিয়ে যাচ্ছে, তা সত্যিই অবিশ্বাস্য। এ ধরনের অর্জন, দায়িত্ববোধ এবং এই টুর্নামেন্টে ও আবারও যে মানের খেলা দেখাচ্ছে, তা বর্ণনা করার মতো কোনো ভাষা আর অবশিষ্ট নেই।
৩৯ বছর বয়সে এসে এটিই হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। ২০২২ সালে কাতারে শিরোপা জেতার পর এবার দ্বিতীয়বারের মতো ট্রফিটি নিজের করে নিতে পারলে তিনি আর্জেন্টিনার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকেও ছাড়িয়ে যাবেন। ম্যারাডোনা ১৯৮৬ সালে তার দেশকে শিরোপা এনে দিয়েছিলেন এবং এর চার বছর পর রানার্স-আপ হয়েছিলেন।
১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা।
অন্যদিকে ইংল্যান্ডের দুই তারকা খেলোয়াড় হ্যারি কেইন এবং জুড বেলিংহামও ছয়টি করে গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন।
সেমিফাইনালে ফ্রান্স স্পেনের কাছে হেরে গেলেও, এমবাপ্পে যদি ইংল্যান্ড বা আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামেন, তবে গোল্ডেন বুটের লড়াইয়ে নিজের গোলসংখ্যা আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি।







