৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়া বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন। এবার তিনি চিলির কোলো কোলো ক্লাবে যোগ দিতে যাচ্ছেন। আর্জেন্টাইন গণমাধ্যম টিওআইসি এমন সংবাদ প্রকাশ করেছে।
কেপ ভার্দের হয়ে একটি ঐতিহাসিক বিশ্বকাপ কাটালেন ভোজিনিয়া। তার দুর্দান্ত পারফরম্যান্স পুরো ফুটবল বিশ্বের নজর কেড়েছে এবং চিলির জনপ্রিয় ক্লাব কোলো কোলো আগামী মৌসুমের জন্য তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্বকাপে ভোজিনিয়ার দুর্দান্ত সব সেভ কেপ ভার্দের ঐতিহাসিক পথচলায় বড় ভূমিকা রেখেছিল। প্রথম ম্যাচেই স্পেনের বিরুদ্ধে তাদের সেই বীরত্বপূর্ণ ড্র, এরপর উরুগুয়ে এবং সৌদি আরবের সঙ্গে ড্র করে ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে এই পর্ব শেষ করে। পরবর্তীতে শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নিলেও সেই ম্যাচেও ভোজিনিয়ার পারফরম্যান্স ছিল চোখধাঁধানো।
বিশ্বকাপে এমন পারফরম্যান্সের পর বহু ক্লাবই তাকে পাওয়ার আগ্রহ দেখায়। লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও চিলির জায়ান্ট ক্লাবটির সঙ্গেই আলোচনা সফল হয়েছে। জানা গেছে ১৮ মাসের চুক্তি হয়েছে তার সঙ্গে।
পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শ্যাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় তিনি ফ্রি এজেন্ট ছিলেন। যদিও কোলো কোলোর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি।









