উত্তর আমেরিকা বিশ্বকাপে কেপ ভার্দে দারুণ খেলেছে। তাদের গোলকিপার ভোজিনিয়া তো স্পেন-আর্জেন্টিনাকে আটকে দেওয়ার পেছনে দারুণ অবদান রেখেছেন। কেপ ভার্দের হয়ে বিশ্বকাপ মাতানো পারফরম্যান্সে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মন জয় করার পর ৪০ বছর বয়সী এই গোলকিপার এখন চিলির সবচেয়ে সফল ক্লাব কোলো কোলোর খেলোয়াড়।
কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলকিপার ভোজিনিয়ার জন্য এবার নিজেদের নিয়মই পাল্টে দিলো চিলিয়ান বোর্ড।
নতুন ঠিকানায় যোগ দিয়ে সংবাদ সম্মেলনে ভোজিনিয়া বলেন, ‘আমার সিদ্ধান্ত খুবই স্পষ্ট ছিল। ছোট ছোট লিগে বা খুব বেশি নামডাক না থাকা ক্লাবে খেললেও, মনের গভীরে আমি সবসময় বিশ্বাস করতাম যে আমি একজন “বড় ক্লাবের” খেলোয়াড়। তাই কোলো কোলো যখন আমার সঙ্গে যোগাযোগ করলো, মনে কোনও দ্বিধাই ছিল না।’
পর্তুগিজ ভাষায় ‘ভোজিনিয়া’ ডাকনামটির অর্থ হলো ‘দাদি বা নানি’। জোসিমার এভোরা দিয়াস— যাকে সবাই ভোজিনিয়া নামেই চেনে— বলেন, ‘প্রথম দিন থেকেই আমি জানতাম যে আমি কোথায় খেলতে চাই। আমার কাছে অনেক প্রস্তাব এসেছিল, কিন্তু কোলো কোলোই সবসময় অগ্রাধিকার পেয়েছে।’
তবে এই চুক্তি চূড়ান্ত করার পথে একটা অদ্ভুত আইনি জটিলতা কাটাতে হয়েছিল। চিলির ফুটবল বোর্ডের নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সিতে তাদের অফিসিয়াল বা আইনি বংশপদবি ব্যবহার করা বাধ্যতামূলক। তবে চিলিয়ান ফুটবল ফেডারেশন বিশেষ বিবেচনা করে তাকে এই নিয়মে ছাড় দেওয়ায় তিনি স্বস্তি প্রকাশ করেন।









