এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে শক্তিশালী প্রতিপক্ষ থাকলেও নিজেদের কোনোভাবেই দুর্বল ভাবতে রাজি নন রাজশাহী স্টারস এফসির নেপালি ডিফেন্ডার বিমলা বিকে। আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন তিনি। প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামার লক্ষ্য তার।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমলা বিকেকে স্বাগত জানান রাজশাহী স্টারস এফসির টিম ম্যানেজার ও সহকারী কোচ। বাংলাদেশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারসের হয়ে দ্বিতীয়বার খেলতে আসা এই নেপালি ডিফেন্ডার এশিয়ার অন্যতম বড় ক্লাব প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগকে নিজের জন্য গর্বের বলে উল্লেখ করেন। বিমলা বিকের ভাষায়, ‘রাজশাহীর হয়ে দ্বিতীয়বার খেলতে আসলাম। সেজন্য আনন্দটা বেশি। তবে এএফসি কাপে খেলবো, তাতে আমি আরও উৎসাহী হয়েছি। এশিয়ার মতো বড় মঞ্চে খেলাটা সত্যিই গর্বের। যেখানে রাজশাহী তথা বাংলাদেশ প্রথমবারের মতো খেলছে। সেই দলটার অংশীদার হতে পেরে আমি সত্যিই গর্বিত।’
স্বল্প প্রস্তুতির সময়ের মধ্যেই প্রতিটি ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিমলা। প্রতিপক্ষকে সম্মান করলেও কাউকেই ছাড় দিতে নারাজ এই নেপালি ডিফেন্ডার।তিনি বলেন, ‘আমরা প্রতিপক্ষকে মোটেও দুর্বল ভাবি না। তার মানে এই নয় যে, আমরা দুর্বল। আমরা প্রতিটি ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে চাই। সে জন্য আপনাদের সমর্থন চাই।’









