নিউইয়র্ক কসমসের হয়ে অভিষেকেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের ফুটবলার শমিত সোম। ফোর্ট ওয়েন এফসির মাঠে নিউ ইয়র্ক কসমসের ৪-২ ব্যবধানের জয়ে দুটি গোলের জোগান দিয়েছেন এই মিডফিল্ডার। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে শুরুতেই নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছেন তিনি।
পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন শমিত। ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও প্রথম গোলের জন্য ৪৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় কসমসকে। এ সময় শমিতের চমৎকার পাস থেকে বল পেয়ে জালে জড়ান লামিন জাওনে। তাতেই এগিয়ে যায় সফরকারীরা।
প্রথমার্ধের যোগ করা সময়ে আজমির স্পেংলারের বাড়ানো পাস থেকে গোল করেন সেরহিও চাভেজ। দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র দুই মিনিটের মাথায় স্পেংলারের দ্বিতীয় সহায়তায় সেবাস্তিয়ান গুয়েনজাত্তি গোল করলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কসমস।
৬৬ মিনিটে রায়ান বেচারের গোলে ব্যবধান কমায় ফোর্ট ওয়েন এফসি। এতে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরার ইঙ্গিত মিললেও শমিতের পরিকল্পনা ছিল ভিন্ন।
মাত্র পাঁচ মিনিট পরই জাওনের সঙ্গে দারুণ সমন্বয় গড়ে তোলেন শমিত। তাঁর পাস থেকেই জাওনে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। এতে আবারও তিন গোলের ব্যবধান গড়ে তোলে নিউইয়র্ক কসমস। ম্যাচের ভাগ্য নির্ধারণী এই মুহূর্তেই শমিতের প্রভাব সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে।
২৯ বছর বয়সী এই ফুটবলার পুরো ম্যাচে ৪৭ বার বল স্পর্শ করেছেন। ৩৮টি পাসের মধ্যে ৩১টি ছিল সফল। এর মধ্যে ফাইনাল থার্ডে দিয়েছেন সাতটি পাস। পাঁচটি লং বলের চারটিই ছিল নিখুঁত। ম্যাচজুড়ে দুটি বড় গোলের সুযোগও তৈরি করেন তিনি।
শুধু আক্রমণেই নয়, রক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শমিত। জিতেছেন তিনটি ট্যাকল এবং করেছেন দুটি বল রিকভারি।







